বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল-মাহেন্দ্র সংঘর্ষে নিহত ২

রবিউল এহ্সান রিপন

মার্চ ১, ২০২৬, ১২:৩৭ এএম

ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল-মাহেন্দ্র সংঘর্ষে নিহত ২

নিহত ২ :ছবি-দিনাজপুর টিভি

ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নে মোটরসাইকেল ও মাহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষে দুই ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার সালন্দর ইউনিয়নের আলীর মোড় এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান।

নিহতরা হলেন—ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর শিংপাড়া এলাকার মো. এনতাজ আলীর ছেলে মো. ভাষানী (২৮) এবং দিনাজপুরের সেতাবগঞ্জ উপজেলার মুর্শিদাবাদ ইউনিয়নের মেরাগাছী গ্রামের শফিকুল ইসলামের ছেলে মো. আহসান হাবিব (৩৫)। 

এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন সালন্দর শিংপাড়া এলাকার মৃত কোরবান আলীর ছেলে মো. আব্দুস সামাদ (৬২)। তিনি বর্তমানে হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আলীর মোড় এলাকায় একটি দ্রুতগামী মোটরসাইকেলের সাথে বিপরীত দিক থেকে আসা মাহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা আরোহীরা ছিটকে পড়ে গুরুতর আহত হন। পথচারীরা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মো. ভাষানীকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় মো. আহসান হাবিবও মৃত্যুর কোলে ঢলে পড়েন।

ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত আব্দুস সামাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনার বিষয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও তিনি উল্লেখ করেন।