রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির শেষ দিন আজ

দিনাজপুর টিভি ডেস্ক

মার্চ ৯, ২০২৬, ১০:৩৬ এএম

ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির শেষ দিন আজ

টিকিট বিক্রির শেষ দিন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বাংলাদেশ রেলওয়ের অগ্রিম টিকিট বিক্রির নির্ধারিত কার্যক্রমের শেষ দিন আজ সোমবার ৯ মার্চ ২০২৬। আজ পাওয়া যাচ্ছে আগামী ১৯ মার্চের আন্তঃনগর ট্রেনের টিকিট। গত ৩ মার্চ থেকে শুরু হওয়া এই প্রক্রিয়ায় ইতিমধ্যে ১৩ থেকে ১৮ মার্চের টিকিট বিক্রি সম্পন্ন হয়েছে। 

যাত্রীদের ভোগান্তি কমাতে এবং টিকিট কালোবাজারি রোধে এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রির ব্যবস্থা করেছে রেল কর্তৃপক্ষ।রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, আজ সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। 

অন্যদিকে, পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টা থেকে। সম্প্রতি রেল ভবনে ঈদযাত্রার প্রস্তুতিমূলক সভায় এই সময়সূচি নির্ধারণ করা হয়েছিল। নিয়ম অনুযায়ী একজন যাত্রী সর্বোচ্চ ৪টি আসন কিনতে পারবেন। তবে উল্লেখ্য যে, অগ্রিম কেনা টিকিট ফেরত বা রিফান্ড করার কোনো সুযোগ রাখা হয়নি।

এছাড়া সাধারণ যাত্রীদের বিশেষ অনুরোধে নন-এসি কোচের মোট আসনের ২৫ শতাংশ টিকিট ‘দাঁড়িয়ে যাওয়ার’ (স্ট্যান্ডিং) জন্য বরাদ্দ থাকবে, যা যাত্রার দিন যাত্রার শুরুর স্টেশন থেকে সংগ্রহ করা যাবে। চাঁদ দেখার ওপর ভিত্তি করে আগামী ২০, ২১ ও ২২ মার্চের টিকিট বিক্রির বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে বলে রেল ভবন সূত্রে জানা গেছে। অনলাইনে টিকিট সংগ্রহের এই ডিজিটাল প্রক্রিয়ায় যাত্রীরা আগের তুলনায় ঘরে বসে সহজে টিকিট পাচ্ছেন বলে মনে করছে কর্তৃপক্ষ।