মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬,

পঞ্চগড়ে আগুনে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস প্রতিমন্ত্রীর

আবু সালেহ মোঃ রায়হান

মার্চ ২৫, ২০২৬, ০৪:০৪ পিএম

পঞ্চগড়ে আগুনে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস প্রতিমন্ত্রীর

ক্ষতিগ্রস্ত বাজার পরিদর্শনে প্রতিমন্ত্রী -ছবি-দিনাজপুর টিভি

পঞ্চগড় শহরের টিনপট্টি রোড এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানপাট পরিদর্শন করেছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। বুধবার সকাল ১১টার দিকে তিনি দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে কথা বলেন। এ সময় তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার এবং প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

গত মঙ্গলবার গভীর রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে বাজারের অন্তত ১০টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে, যাতে ব্যবসায়ীদের কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হচ্ছে। অগ্নিকাণ্ডের খবর পেয়েই প্রতিমন্ত্রী দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সাথে পঞ্চগড় জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভিন এবং পুলিশ সুপার রবিউল ইসলাম উপস্থিত ছিলেন। এ ছাড়াও স্থানীয় রাজনৈতিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তার সফরসঙ্গী হন। 

প্রতিমন্ত্রী ঘটনাস্থল ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সান্ত্বনা প্রদান করেন। তিনি জানান, সরকার ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।উল্লেখ্য, মঙ্গলবার রাতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। 

ওই সময় পরিস্থিতি সামাল দিতে এবং আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যদের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করেন। ঘটনার পর থেকেই এলাকাটিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রতিমন্ত্রীর এই পরিদর্শন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে আশার সঞ্চার করেছে।