রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

স্বাধীনতা দিবসে নীলফামারী জেলা পুলিশের শ্রদ্ধা নিবেদন

শহিদুল ইসলাম

মার্চ ২৬, ২০২৬, ১১:০৭ এএম

স্বাধীনতা দিবসে নীলফামারী জেলা পুলিশের শ্রদ্ধা নিবেদন

শহীদদের প্রতি পুলিশের শ্রদ্ধা ছবি-দিনাজপুর টিভি

নীলফামারীতে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ পালিত হচ্ছে। দিবসের প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়। দিবসটি উপলক্ষে নীলফামারী জেলা পুলিশের পক্ষ থেকে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে নীলফামারী শহরের চৌরঙ্গী মোড় সংলগ্ন স্বাধীনতা স্মৃতিস্তম্ভ স্মৃতি অম্লানে পুষ্পস্তবক অর্পণ করেন পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, পিপিএম। 

পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের স্মৃতির প্রতি জেলা পুলিশের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা জানান। পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে সেখানে কিছুক্ষণ নীরবতা পালন করা হয়।

শ্রদ্ধা নিবেদনকালে পুলিশ সুপারের সাথে উপস্থিত ছিলেন নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এ.বি.এম ফয়জুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ফারুক আহমেদ, পিপিএম। এ সময় জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিপুল সংখ্যক পুলিশ সদস্য কর্মসূচিতে অংশগ্রহণ করেন। স্মৃতি অম্লান প্রাঙ্গণে শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের স্মরণে বিশেষ সম্মান প্রদর্শন করা হয়।

পুষ্পস্তবক অর্পণ শেষে উপস্থিত সকলের উদ্দেশ্যে পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। তিনি সকলকে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে একযোগে কাজ করার আহ্বান জানান। নীলফামারীর সর্বস্তরের মানুষের মাঝেও দিবসটি ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। জেলা শহর ও এর আশেপাশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।