মার্চ ২৭, ২০২৬, ০২:৩৯ পিএম
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ গণতান্ত্রিক) এক শীর্ষ নেতা নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার উল্টাছড়ি ইউনিয়নের সূতকর্মাপাড়া এলাকায় এ চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত নেতার নাম নীতিদত্ত চাকমা (৪০), যিনি ওই সংগঠনের পানছড়ি উপজেলার সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এই ঘটনার পর পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ জানিয়েছেন, সকালে নীতিদত্ত চাকমাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায় দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে যান।
তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি এবং ময়নাতদন্তের জন্য পুলিশ প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করছে। এখন পর্যন্ত এই ঘটনায় কোনো মামলা দায়ের হয়নি তবে জড়িতদের ধরতে অভিযান শুরু হয়েছে।হত্যাকাণ্ডের পর ইউপিডিএফ গণতান্ত্রিকের পক্ষ থেকে প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফকে (মূল দল) দায়ী করা হয়েছে। যদিও দলটির কোনো সদস্য প্রকাশ্যে নাম প্রকাশ করে বক্তব্য দিতে রাজি হননি।
অন্যদিকে, প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফ এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। সংগঠনের অন্যতম মুখপাত্র অংগ্য মারমা জানিয়েছেন, এটি তাদের (ইউপিডিএফ গণতান্ত্রিক) দলের অভ্যন্তরীণ কোন্দলের কারণে ঘটে থাকতে পারে এবং এর সঙ্গে তাদের সংগঠনের কোনো সংশ্লিষ্টতা নেই। পার্বত্য চট্টগ্রামে রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এমন সংঘাত নতুন কোনো বিষয় নয় বলে মনে করছেন স্থানীয়রা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন