রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বেড়াতে গিয়ে লাশ হয়ে ফিরলেন বিএনপি নেতা

দিনাজপুর টিভি ডেস্ক

মার্চ ২৮, ২০২৬, ১০:৩১ এএম

বেড়াতে গিয়ে লাশ হয়ে ফিরলেন বিএনপি নেতা

নিহত আব্দুল আজিজ

পাবনার ভাঙ্গুড়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। শুক্রবার রাত সাড়ে আটটার দিকে নাটোরের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রাজ্জাক মোড় এলাকায় একটি যাত্রীবাহী বাসের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। 

নিহত আব্দুল আজিজ উপজেলার কলকতি গ্রামের বাসিন্দা ছিলেন। এই ঘটনায় তার সাথে থাকা মোটরসাইকেল আরোহী ও সিসিডিবি ভাঙ্গুড়া শাখার ব্যবস্থাপক ইন্দ্রজিৎ গুরুতর আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে রাজশাহীর তানোর উপজেলায় ইন্দ্রজিতের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন পঁয়ষট্টি বছর বয়সী প্রবীণ এই রাজনৈতিক নেতা। শুক্রবার রাতে সেখান থেকে তারা মোটরসাইকেলে করে ভাঙ্গুড়ায় ফিরছিলেন। পথে রাজ্জাক মোড় এলাকায় পৌঁছালে একটি ঢাকাগামী যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। 

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর ঘাতক বাসটি মোটরসাইকেলটিকে প্রায় এক কিলোমিটার পর্যন্ত টেনে নিয়ে যায়। এতে দুই আরোহীই মারাত্মকভাবে জখম হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল আজিজকে মৃত ঘোষণা করেন।আহত ইন্দ্রজিতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

 

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান মনির সাংবাদিকদের জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় রাতেই আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রবীণ এই নেতার মৃত্যুতে ভাঙ্গুড়া উপজেলা বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। দলের পক্ষ থেকে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।