বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

নাতনিকে পাল্লায় তুলে সমান ওজনের ধাতব মুদ্রা উপহার দিলেন নানা

দিনাজপুর টিভি ডেস্ক

মার্চ ২৮, ২০২৬, ১০:২৮ পিএম

নাতনিকে পাল্লায় তুলে সমান ওজনের ধাতব মুদ্রা উপহার দিলেন নানা

পাল্লায় মেপে উপহার প্রদান

বগুড়া শহরের ঠনঠনিয়া দক্ষিণপাড়া এলাকায় এক ব্যতিক্রমী আয়োজনে নাতনিকে দাঁড়িপাল্লায় মেপে সমপরিমাণ ওজনের ধাতব মুদ্রা উপহার দিয়েছেন নানা আবদুল কাদের। গত শুক্রবার নিজ বাড়িতে আয়োজিত এই অনুষ্ঠানে নাতনি নাঈমা খাতুনকে এক পাল্লায় বসিয়ে অন্য পাল্লায় ৭০ কেজি ৩০০ গ্রাম ওজনের কয়েন তুলে দেওয়া হয়। 

মূলত নিজের প্রয়াত স্ত্রীর দীর্ঘ ২৩ বছরের লালিত স্বপ্ন পূরণ করতেই পেশায় গাড়িচালক আবদুল কাদের এই অভাবনীয় উদ্যোগ গ্রহণ করেন।পারিবারিক সূত্রে জানা গেছে, ২৩ বছর আগে নাতনি নাঈমার জন্মের সময় নানি পাতা বেগম ঘোষণা করেছিলেন যে নাতনির বিয়েতে তাকে পাল্লায় মেপে সমান ওজনের মুদ্রা উপহার দেবেন। 

সেই লক্ষ্যেই দম্পতিটি মাটির ব্যাংকে দীর্ঘ সময় ধরে কয়েন জমাতে শুরু করেন। তবে দুই বছর আগে পাতা বেগম মারা যাওয়ায় এবং নাতনির বিয়ের সময় পর্যাপ্ত কয়েন জমা না হওয়ায় তখন এই ইচ্ছা পূরণ করা সম্ভব হয়নি। বর্তমানে নাতনি অন্তঃসত্ত্বা থাকায় আর দেরি না করে বিপুল পরিমাণ ধাতব মুদ্রা সংগ্রহের পর এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ব্যতিক্রমী এই উপহার প্রদান অনুষ্ঠানে আত্মীয়স্বজন ও প্রতিবেশীসহ প্রায় দেড় শতাধিক অতিথির জন্য আপ্যায়নের ব্যবস্থা করা হয়। উপহার হিসেবে দেওয়া মুদ্রার সিংহভাগই ছিল পাঁচ টাকার কয়েন। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে তা দ্রুত মানুষের দৃষ্টি আকর্ষণ করে। নাতনি নাঈমা খাতুন জানান, নানির শেষ ইচ্ছা পূরণ হওয়ায় তিনি অত্যন্ত আবেগাপ্লুত এবং নানার এই ভালোবাসায় তিনি অভিভূত।

আবদুল কাদেরের এই উদ্যোগে এলাকাবাসীর মধ্যে অনেক কৌতূহল ও উদ্দীপনা দেখা দিয়েছে। পেশায় মুদিদোকানি জামাতা এবং রাজমিস্ত্রীর ঠিকাদার নাতনি জামাইসহ পরিবারের অন্য সদস্যরাও এই আয়োজনে অংশ নেন। প্রয়াত স্ত্রীর ইচ্ছা পূরণে দীর্ঘ দুই দশকেরও বেশি সময়ের ধৈর্য ও সঞ্চয়কে কেন্দ্র করে বগুড়ার এই ঘটনাটি এখন আলোচনার কেন্দ্রে পরিণত হয়েছে।