শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬,

পঞ্চগড়ে ১ লাখ ৩৬ হাজার শিশু পাচ্ছে হামের টিকা

আবু সালেহ মোঃ রায়হান

এপ্রিল ১৯, ২০২৬, ০৫:২০ পিএম

পঞ্চগড়ে ১ লাখ ৩৬ হাজার শিশু পাচ্ছে হামের টিকা

ছবি-দিনাজপুর টিভি

পঞ্চগড় জেলার শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে বড় পরিসরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির ঘোষণা দিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। এই বিশেষ ক্যাম্পেইনের আওতায় জেলার ৫ বছরের কম বয়সী প্রায় ১ লাখ ৩৬ হাজার ৫২৭ জন শিশুকে টিকার আওতায় আনা হবে। ১১ দিনব্যাপী এই টিকাদান কার্যক্রম সফল করতে জেলাজুড়ে ১ হাজার ১০৯টি টিকাদান কেন্দ্র প্রস্তুত করা হয়েছে।

রবিবার (১৯ এপ্রিল) বিকেলে পঞ্চগড় সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব তথ্য জানান সিভিল সার্জন ডা. মিজানুর রহমান। 

তিনি জানান, বিশ্বজুড়ে হাম ও রুবেলা নির্মূলের লক্ষ্যে এই জরুরি ক্যাম্পেইনটি পরিচালনা করা হচ্ছে। ৩টি পৌরসভা এবং ৫টি উপজেলার সকল শিশুদের এই সেবার আওতায় আনতে স্বাস্থ্যকর্মীরা মাঠ পর্যায়ে সক্রিয় থাকবেন।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, আগামীকাল ২০ এপ্রিল সোমবার সকাল ৯টায় সদর উপজেলার শিংপাড়া এলাকায় আনুষ্ঠানিকভাবে এই ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করবেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি। উদ্বোধনের পর থেকেই জেলার সকল নির্ধারিত কেন্দ্রে টিকাদান কার্যক্রম একযোগে শুরু হবে।

টিকা পাওয়ার যোগ্যতা ও নিয়মাবলী:

বয়স: ৬ মাস বয়স থেকে শুরু করে ৫ বছরের কম বয়সী সকল শিশু এই টিকা গ্রহণ করতে পারবে।

রেজিস্ট্রেশন: টিকা গ্রহণের জন্য অবশ্যই অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

সময়কাল: আগামী ১১ দিন পর্যন্ত এই বিশেষ ক্যাম্পেইন নিয়মিত চলবে।

সিভিল সার্জন ডা. মিজানুর রহমান শিশুদের অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, হাম ও রুবেলা অত্যন্ত সংক্রামক রোগ, যা সঠিক সময়ে টিকা না দিলে শিশুদের দীর্ঘমেয়াদী শারীরিক সমস্যার কারণ হতে পারে। তাই আতঙ্কিত না হয়ে সচেতনতার সাথে নির্ধারিত সময়ে নিকটস্থ কেন্দ্রে শিশুকে নিয়ে আসার আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং তারা জানান, প্রতিটি কেন্দ্রে স্বাস্থ্যবিধি মেনে শিশুদের টিকা দেওয়া হবে। মাঠ পর্যায়ে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে ইতিমধ্যে প্রচারণা কার্যক্রম জোরদার করা হয়েছে।