মে ১, ২০২৬, ০২:৫৪ পিএম
"সুস্থ শ্রমিক কর্মঠ, আসবে এবার নব প্রভাত" এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালিত হয়েছে। শুক্রবার (১ মে) সকাল ১০টায় জেলা প্রশাসন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর দিনাজপুরের যৌথ আয়োজনে এই দিবসটি উদযাপন করা হয়।
কর্মসূচির শুরুতে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারি অডিটোরিয়াম চত্বরে এসে শেষ হয়। এতে জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের বিপুল সংখ্যক সদস্য অংশগ্রহণ করেন।
র্যালি শেষে সরকারি অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুমন চন্দ্র দাসের সভাপতিত্বে সভায় শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার ও কর্মক্ষেত্রে স্বাস্থ্য সুরক্ষার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
বক্তব্যে ১৮৮৬ সালের ১ মে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকদের আত্মদানের ইতিহাস স্মরণ করা হয়। আট ঘণ্টা কাজের দাবিতে আন্দোলন করতে গিয়ে শ্রমিকরা যে জীবন উৎসর্গ করেছিলেন, তাঁদের সেই ত্যাগকে মর্যাদার সাথে স্মরণ করেন উপস্থিত নেতৃবৃন্দ।
দিবসটি উপলক্ষে বিভিন্ন শ্রমিক সংগঠন পৃথক কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে শহীদ শ্রমিকদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত, প্রীতিভোজ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যথাযথ নিরাপত্তা ও শৃঙ্খলার মধ্য দিয়ে জেলার বিভিন্ন স্থানে মে দিবসের এই কর্মসূচিগুলো পালিত হচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন