জিন্নাত হোসেন
মে ১, ২০২৬, ০৯:৩৪ পিএম
ছবি-দিনাজপুর টিভি
চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন দিনাজপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। তিনি বলেন, সন্তানদের ধ্বংসের পথ থেকে ফিরিয়ে এনে শিক্ষা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একটি সুন্দর, শান্তিপূর্ণ ও মানবিক সমাজ গঠনে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
শুক্রবার (১ মে) বিকেল ৪টায় দিনাজপুর শহরের জোড়া ব্রিজ চত্বরে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দিনাজপুর সদর উপজেলা অটোরিকশা ও ভ্যান চালক শ্রমিক ইউনিয়ন এই সভার আয়োজন করে।
সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম তাঁর বক্তব্যে মাদকের কুফল তুলে ধরে বলেন, সমাজ থেকে মাদক নির্মূল করা এখন সময়ের দাবি। সন্তানদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে অভিভাবকসহ সমাজের প্রতিটি স্তরের মানুষকে সচেতন হতে হবে।
কোনো ধরনের চাঁদাবাজিকে প্রশ্রয় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।দিনাজপুর সদর উপজেলা অটোরিকশা ও ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. নয়নের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নূর নবী। এ সময় আরও বক্তব্য রাখেন দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মো. মোস্তফা কামাল মিলন এবং জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রাশেদ আলী চৌধুরী লিমন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে মমিন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. মমিন হোসেন এবং সংগঠনের সাবেক সহ-সম্পাদক অলিউর রহমান অলি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভার প্রধান বক্তা ছিলেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আরমান আলী। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন সাবেক দপ্তর সম্পাদক মো. রশিদুল ইসলাম জুয়েল।
এর আগে শুক্রবার সকালে মহান মে দিবস উপলক্ষে শহরের জোড়া ব্রিজ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। অটোরিকশা ও ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত এই র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে বিপুল সংখ্যক শ্রমিক ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন।