শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬,

১১ দফা দাবিতে দিনাজপুরে ইজিবাইক শ্রমিকদের মে দিবসের সমাবেশ

মোঃ আব্দুর রাজ্জাক

মে ২, ২০২৬, ০৬:২৪ পিএম

১১ দফা দাবিতে দিনাজপুরে ইজিবাইক শ্রমিকদের মে দিবসের সমাবেশ

ছবি-দিনাজপুর টিভি

যথাযথ মর্যাদায় মহান মে দিবস উদযাপন করেছে দিনাজপুর জেলা ব্যাটারিচালিত ইজিবাইক মালিক শ্রমিক চালক সোসাইটি। দিবসটি উপলক্ষে আয়োজিত র্যালি ও সমাবেশ থেকে শ্রমিকদের ১১ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে। অন্যথায় কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ।আন্তর্জাতিক মহান মে দিবস উপলক্ষে শুক্রবার (১ মে) সকালে সংগঠনটির উদ্যোগে দিনাজপুর শহরে একটি র্যালি বের করা হয়। 

র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক আলোচনা সভা ও সমাবেশে মিলিত হয়। জেলা ব্যাটারিচালিত ইজিবাইক মালিক-শ্রমিক চালক সোসাইটির সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শাহ্ মো. মমিনুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে মমিনুল ইসলাম বলেন, শ্রমিকদের এই সংগঠনের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে এবং ভবিষ্যতেও তিনি তাঁদের পাশে থাকবেন। শ্রমিকদের ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি তাঁদের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি দেন।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ব্যাটারিচালিত অটোবাইক মালিক উন্নয়ন সমিতির সভাপতি সাদেকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোখলেস রহমান শাহ্ সুফী এবং বিশিষ্ট ইজিবাইক ব্যবসায়ী মো. রেজওয়ানুর রহমান। সংগঠনের মুখপাত্র মো. মঞ্জুরুল করিম জেমস বলেন, মে দিবস শ্রমিকের রক্তে ভেজা একটি দিন। এই দিবসের ইতিহাস কোনো শ্রমিক ভুলতে পারবে না।

অপর মুখপাত্র আমজাদ হোসেন তাঁর বক্তব্যে বলেন, সমাজের সব কাজে শ্রমিকের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। তাই শ্রমিকদের শ্রমের ন্যায্য মূল্য ও অধিকার নিশ্চিত করতে হবে। সংগঠনের সাধারণ সম্পাদক আবু তালেব আলীর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন মুখপাত্র মাহাবুব ইসলাম মানিক, নাজমুল ইসলাম বাবু, দপ্তর সম্পাদক আমজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মিলন ইসলাম এবং পৌর শাখার সভাপতি মো. জুয়েল।

আলোচনা সভা শেষে উপস্থিত নেতৃবৃন্দ তাঁদের উত্থাপিত ১১ দফা দাবি দ্রুত বাস্তবায়নের দাবি জানান। সবশেষে শ্রমিকদের সার্বিক কল্যাণ ও দেশের সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। সমাবেশে জেলা ও পৌর শাখার বিপুল সংখ্যক ইজিবাইক মালিক ও শ্রমিক অংশগ্রহণ করেন।