মে ২, ২০২৬, ০৯:২২ পিএম
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিনের টানা বৃষ্টিতে নাসিরনগর এলাকার হাওরের ফসল তলিয়ে যায়। শনিবার সকালে আহাদ মিয়া শ্রমিকদের সাথে নিয়ে নিজের ছয় বিঘা জমির ধান কাটতে হাওরে যান। সেখানে গিয়ে দেখেন তাঁর সব ফসল পানির নিচে তলিয়ে আছে। এই দৃশ্য দেখে তিনি ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়ে যান এবং সেখানেই তাঁর মৃত্যু হয়।
পরিবারের সদস্যদের দাবি, ঋণ করে চাষ করা ধান এক মুহূর্তে নষ্ট হয়ে যাওয়ার ধাক্কা তিনি সহ্য করতে পারেননি। তিনি স্ট্রোক করে মারা গেছেন বলে তাঁরা মনে করছেন। তবে উপস্থিত চিকিৎসকদের প্রাথমিক ধারণা, তীব্র মানসিক চাপের কারণে তিনি হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গিয়ে থাকতে পারেন।
দুপুরে জানাজা শেষে তাঁর দাফন সম্পন্ন হয়েছে। মৃত আহাদ মিয়ার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।স্থানীয় কৃষকদের অভিযোগ, টানা বৃষ্টিতে গোয়ালনগর ইউনিয়নের হাজার হাজার বিঘা জমির ধান পানিতে তলিয়ে গেছে। এতে ওই এলাকার অনেক কৃষক চরম আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। ফসল হারানোর দুশ্চিন্তায় কয়েকজন কৃষক অসুস্থ হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলেও জানা গেছে।
নাসিরনগর উপজেলা প্রশাসন জানিয়েছে, খবর পেয়ে ঘটনাস্থলে কৃষি কর্মকর্তাদের পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের সঠিক তালিকা প্রস্তুত করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রয়োজনীয় সরকারি সহায়তার ব্যবস্থা নেওয়া হবে বলে প্রশাসনের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন