জুলাই ২০, ২০২৬, ১১:১১ পিএম
ঠাকুরগাঁওয়ে জমি চাষের সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু হয়েছে। ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নে পাওয়ার টিলার দিয়ে জমিতে হাল চাষ করার সময় বজ্রপাতে ফজলু মিয়া (৩৮) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার রায়পুর ইউনিয়নের কাচনা হরিদা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফজলু মিয়া ওই গ্রামের মহসীন আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশের জমিতে পাওয়ার টিলার দিয়ে চাষাবাদ করছিলেন ফজলু। এ সময় হঠাৎ আকাশে কালো মেঘ জমে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। কাজ করার একপর্যায়ে বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কাচনা হরিদা গ্রামে জমি চাষের সময় বজ্রপাতে ফজলু মিয়া নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় খোঁজখবর নিয়েছে এবং সার্বিক সহযোগিতা করেছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন