রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ভালোবাসার টানে বাংলাদেশে মারিয়া

দিনাজপুর টিভি ডেস্ক

মে ৮, ২০২৬, ১১:২১ পিএম

ভালোবাসার টানে বাংলাদেশে মারিয়া

ভালোবাসার কোনো সীমানা নেই—এটি আবারও প্রমাণ করলেন পোল্যান্ডের তরুণী ভেরোনিকা মারিয়া পিতলার্স। প্রেমের টানে সুদূর ইউরোপ থেকে তিনি চলে এসেছেন বাংলাদেশের জামালপুরে। বৃহস্পতিবার (৭ মে) রাতে তিনি তাঁর স্বামী ইসমাইলের হাত ধরে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের কাতলামারী গ্রামে পৌঁছান।

পরিবার সূত্রে জানা গেছে, কাতলামারী এলাকার ইমান আলীর ছেলে ইসমাইল প্রায় সাত বছর আগে কাজের সুবাদে পোল্যান্ডে যান। সেখানে থাকাকালীনই ভেরোনিকা মারিয়া পিতলার্সের সঙ্গে তাঁর পরিচয় হয়। 

সেই পরিচয় থেকেই তাঁদের মধ্যে ভালো লাগা তৈরি হয় এবং পরবর্তীতে তা গভীর প্রেমে রূপ নেয়। দীর্ঘদিনের সম্পর্কের সফল পরিণতি হিসেবে তাঁরা পোল্যান্ডেই বিবাহ বন্ধনে আবদ্ধ হন।বিয়ের পর ইসমাইল তাঁর ভিনদেশি স্ত্রীকে নিয়ে নিজ গ্রামে ফিরে এসেছেন। 

বৃহস্পতিবার রাতে তাঁরা গ্রামে পৌঁছালে ইসমাইলের পরিবার ও স্বজনরা নতুন এই দম্পতিকে ফুল ও মিষ্টি দিয়ে বরণ করে নেন। এদেশের গ্রামীণ পরিবেশ এবং মানুষের আতিথেয়তা দেখে ভেরোনিকা মারিয়া অত্যন্ত উচ্ছ্বসিত বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।এদিকে, গ্রামে ভিনদেশি বধূ আসার খবর ছড়িয়ে পড়লে শুক্রবার সকাল থেকেই ইসমাইলের বাড়িতে ভিড় জমাতে শুরু করেন উৎসুক গ্রামবাসী।

 বিদেশি এই নববধূকে এক নজর দেখতে দূর-দূরান্ত থেকেও অনেক মানুষ ছুটে আসছেন। স্থানীয়রা জানান, মারিয়া ও ইসমাইলের এই প্রেম ও বিয়ের ঘটনা এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।বিদেশের যান্ত্রিক জীবন ছেড়ে বাংলাদেশের এই শান্ত পরিবেশে আসতে পেরে মারিয়া তাঁর খুশির কথা জানিয়েছেন। ইসমাইলের পরিবারের সদস্যরাও তাঁদের নতুন এই সদস্যকে সাদরে গ্রহণ করেছেন।