রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

কোরবানির পশুর হাটে দেখা যাবে ডোনাল্ড ট্রাম্পকে!

দিনাজপুর টিভি ডেস্ক

মে ১৩, ২০২৬, ১২:৪৪ পিএম

কোরবানির পশুর হাটে দেখা যাবে ডোনাল্ড ট্রাম্পকে!

নারায়ণগঞ্জের রাবেয়া অ্যাগ্রো ফার্মে গোলাপি মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর হাটে এবারও দেখা দিয়েছে নানা চমক। তবে সব আলোচনাকে ছাপিয়ে নারায়ণগঞ্জের পাইকপাড়ার একটি খামারের গোলাপি রঙের এলবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।প্রায় ৭০০ কেজি ওজনের এই মহিষটির মাথার সামনের লম্বা লালচে-সোনালি চুল অনেকের কাছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চুলের স্টাইলের কথা মনে করিয়ে দেয়। 

আর সেই অদ্ভুত মিল থেকেই খামার কর্তৃপক্ষ মজার ছলে এর নাম রেখেছেন ‘ডোনাল্ড ট্রাম্প’।নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া এলাকার রাবেয়া অ্যাগ্রো ফার্মে গিয়ে দেখা যায়, দর্শনার্থীদের মূল আকর্ষণ এখন এই ব্যতিক্রমী মহিষটি। কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন, আবার কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে পরিচয় করিয়ে দিচ্ছেন ‘নারায়ণগঞ্জের ট্রাম্প’-এর সঙ্গে।

খামারের মালিক জিয়াউদ্দিন মৃধা জানান, গত বছরের কোরবানির ঈদের পর রাজশাহী থেকে বিরল এই মহিষটি সংগ্রহ করা হয়। এরপর প্রায় ১০ মাস বিশেষ যত্নে একে লালন-পালন করা হয়েছে। তিনি বলেন, “শুরুতে কোনো নাম ছিল না। পরে ছোট ভাই মজা করে বলে যে এর চুল তো একদম ডোনাল্ড ট্রাম্পের মতো। এরপর থেকেই নামটা ছড়িয়ে পড়ে এবং সবাই একে এই নামেই ডাকতে শুরু করে।”

খামার সূত্রে জানা গেছে, ৭০০ কেজি ওজনের এই মহিষটির খাদ্যতালিকায় রয়েছে ভুট্টা, সয়াবিন, তিলের খৈল, গমের ভুসি, ধানের কুঁড়া, খড় ও তাজা ঘাস। মহিষটির বিরল গায়ের রঙের জন্য এর বিশেষ ত্বকের যত্ন নিতে হয়। নিয়মিত গোসল ও আলাদা পরিচর্যার মাধ্যমে একে হাটে তোলার উপযোগী করা হয়েছে।

নারায়ণগঞ্জের এই খামারে ‘ডোনাল্ড ট্রাম্প’ ছাড়াও আরও বেশ কিছু বড় আকৃতির গরু ও মহিষ থাকলেও সবার নজর এখন এই গোলাপি মহিষটির দিকেই। খামার কর্তৃপক্ষ আশা করছে, এবারের হাটে ‘ডোনাল্ড ট্রাম্প’ তাঁর রাজকীয় উপস্থিতি দিয়ে ক্রেতাদের মন জয় করতে সক্ষম হবে।