মে ১৪, ২০২৬, ০৪:৪১ পিএম
নেত্রকোনার পূর্বধলায় নিজের ১৫ বছর বয়সী মেয়েকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগী কিশোরী বর্তমানে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। বুধবার (১৩ মে) বিকেলে উপজেলার খলিশাউড় ইউনিয়নের ঘরুয়াকান্দা এলাকা থেকে অভিযুক্ত বাবাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই কিশোরী আগে ঢাকায় গৃহকর্মীর কাজ করত। পাঁচ মাস আগে সে গ্রামে ফিরে আশ্রয়ণ প্রকল্পের ঘরে মা-বাবার সঙ্গেই থাকতে শুরু করে। অভিযোগ উঠেছে, বাড়িতে আসার পর থেকেই বিভিন্ন সময় সে নিজের বাবার দ্বারা ধর্ষণের শিকার হয়।
ঘটনাটি প্রকাশ্যে আসে প্রায় দুই মাস আগে ওই কিশোরী ময়মনসিংহে এক চিকিৎসকের বাসায় কাজে যোগ দেওয়ার পর। সেখানে তার শারীরিক পরিবর্তন দেখে গৃহকর্ত্রী ওই চিকিৎসকের সন্দেহ হয়। পরে স্বাস্থ্য পরীক্ষায় কিশোরীর অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। ঘটনাটি এলাকায় জানাজানি হলে অভিযুক্ত ব্যক্তি গা-ঢাকা দেন।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, বিষয়টি জানতে পেরে পুলিশ দ্রুত পদক্ষেপ নেয়। বুধবার সকালে ভুক্তভোগী কিশোরীকে থানায় এনে তার জবানবন্দি শোনা হয়। এরপর তার দেওয়া তথ্যের ভিত্তিতে ও প্রযুক্তির সহায়তায় বিকেলে অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশের একটি দল।
ওসি আরও জানান, ভুক্তভোগী কিশোরী নিজেই বাদী হয়ে থানায় মামলা করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ওই ব্যক্তি অপরাধের কথা স্বীকার করেছেন। কিশোরীর স্বাস্থ্য পরীক্ষাসহ পরবর্তী আইনি প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিকে আজ বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। এমন ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়েছে। এর আগে নেত্রকোণায় ১১ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়ে ৬ মাসের অন্তঃসত্ত্বা হওয়ার খবর পাওয়া গিয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই জেলাটিতে আবারও এমন অভিযোগ সামনে এল। সর্বশেষ তথ্য অনুযায়ী পুলিশ মামলার তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন