বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬,

ঠাকুরগাঁওয়ে মাঠ থেকে এসএসসি পরীক্ষার ৫০ খাতা উদ্ধার

রবিউল এহ্সান রিপন

মে ১৫, ২০২৬, ১০:৫৪ এএম

ঠাকুরগাঁওয়ে মাঠ থেকে এসএসসি পরীক্ষার ৫০ খাতা উদ্ধার

ছবি-দিনাজপুর টিভি

ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় সংলগ্ন বড় মাঠের পশ্চিম পাশ থেকে এসএসসি পরীক্ষার ৫০টি খাতা উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ মে) রাতে স্থানীয় এক যুবক রাস্তার পাশে খাতাগুলো পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে সেগুলো উদ্ধার করা হয়।ঠাকুরগাঁও জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. খোদাদাদ হোসেন খাতা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, রাতে ওই এলাকায় ঘোরাঘুরির সময় এক ব্যক্তি খাতাগুলো দেখতে পান। পরে তিনি ঘটনার গুরুত্ব অনুধাবন করে তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে খাতাগুলো উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে।

পুলিশ সূত্র জানিয়েছে, উদ্ধারকৃত খাতাগুলো ঠিক কার মাধ্যমে বা কীভাবে সেখানে এল, তা নিয়ে এখনো কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। তবে প্রকৃত মালিক বা সংশ্লিষ্ট পরীক্ষককে খুঁজে বের করার চেষ্টা চলছে। উদ্ধার হওয়া খাতাগুলো সুরক্ষিত অবস্থায় থানায় রাখা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, বিষয়টি নিয়ে ইতিমধ্যে জেলা শিক্ষা অফিসসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। খাতাগুলোর উৎস এবং এটি কোন বিষয়ের তা যাচাই-বাছাই করা হচ্ছে। এখন পর্যন্ত এসব খাতা কার জিম্মায় ছিল বা কোনো শিক্ষকের অবহেলায় এটি ঘটেছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনাটি জানাজানি হওয়ার পর পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে কিছুটা উদ্বেগ ও চাঞ্চল্য তৈরি হয়েছে। শিক্ষা অফিসের প্রতিনিধিরা জানিয়েছেন, তারা পুলিশকে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করছেন। তদন্ত শেষ হলে খাতাগুলোর উৎস এবং এর দায়বদ্ধতা সম্পর্কে বিস্তারিত জানানো সম্ভব হবে বলে জানিয়েছে পুলিশ।