মে ২৫, ২০২৬, ০১:০৫ পিএম
ঈদুল আজহা উপলক্ষে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম ৭ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার (২৫ মে) থেকে শুরু হওয়া এই ছুটি চলবে ৩১ মে পর্যন্ত। ১ জুন সকাল ৯টা থেকে বন্দরের স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।তবে বন্দরের পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক থাকবে।
সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশন এবং সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বৈঠকের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বন্দর দিয়ে পণ্য পরিবহনের সঙ্গে যুক্ত অন্য দেশের ব্যবসায়ীদেরও বিষয়টি অবহিত করা হয়েছে।
বাংলাবান্ধা স্থলবন্দরের ইনচার্জ আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন। ঈদুল আজহার এই ছুটি উপলক্ষে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করেই বন্দরের সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশন এই তারিখ নির্ধারণ করেছে।
যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে ইমিগ্রেশন ব্যবস্থা সচল রাখা হয়েছে।বাংলাবান্ধা স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ কেফায়েতুল ওয়ারেস জানিয়েছেন, পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীরা বন্দর দিয়ে আগের নিয়মেই যাতায়াত করতে পারবেন। ঈদকে কেন্দ্র করে বন্দর এলাকায় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
পুলিশ ও সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বন্দর এলাকায় নিয়মিত টহল দিচ্ছে। ছুটির দিনগুলোতে বন্দরের প্রশাসনিক কাজ সীমিত থাকবে।১ জুন থেকে ব্যবসায়িক কার্যক্রম পুনরায় গতি পাবে বলে আশা করা যাচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন