শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬,

বগুড়ায় গৃহবধূকে নৃশংসভাবে হত্যার ঘটনায় দুজন গ্রেপ্তার

দিনাজপুর টিভি ডেস্ক

মে ২৫, ২০২৬, ০৪:২৬ পিএম

বগুড়ায় গৃহবধূকে নৃশংসভাবে হত্যার ঘটনায় দুজন গ্রেপ্তার

বগুড়ায় গৃহবধূ হত্যায় গ্রেপ্তার

বগুড়ার গাবতলী উপজেলার মমিনহাটা গ্রামে গৃহবধূ রিতা মজুমদারকে হত্যার ঘটনায় দুই দিনমজুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুরে বগুড়া পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। জমি বিক্রির টাকা লুটের পরিকল্পনা থেকেই এই নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

গ্রেপ্তারকৃতরা হলেন শাওন মিয়া ও আনোয়ার হোসেন।পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ জানান, গত ২০ মে রাতে রিতা মজুমদার নিজ কক্ষে খুন হন। স্বামী বিধান মজুমদার শব্দ শুনে চিৎকার শুনে সেখানে গিয়ে দেখেন স্ত্রী রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছেন। 

তার গলায় ধারালো অস্ত্রের আঘাত ছিল। ঘটনার পর তথ্যপ্রযুক্তি ব্যবহার করে পুলিশ তদন্তে নামে এবং শনিবার রাতে শাওনকে আটকের পর তার স্বীকারোক্তি অনুযায়ী আনোয়ারকেও গ্রেপ্তার করা হয়।

হত্যাকাণ্ডের ১০ দিন আগেই লুটের পরিকল্পনা করেন আসামিরা।জিজ্ঞাসাবাদে পুলিশ জেনেছে, আনোয়ার খবর পেয়েছিলেন রিতার বাড়িতে জমি বিক্রির টাকা রয়েছে। এরপর তারা বাজার থেকে দেশি অস্ত্র কেনেন এবং ঘটনার রাতে বাড়িতে লুকিয়ে থাকেন। 

রিতা মজুমদার টর্চলাইট নিয়ে বাইরে বের হলে আনোয়ারকে চিনে ফেলেন, তখন তিনি রিতার গলায় কোপ দেন। হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র বয়ারবাড়ী বিলের কচুরিপানা থেকে উদ্ধার করা হয়েছে।আসামিদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।