জুন ৭, ২০২৬, ০৩:১৭ পিএম
লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত দুই প্রবাসীর মরদেহ সাতক্ষীরায় নিজ বাড়িতে পৌঁছেছে। রোববার সকাল ১০টার দিকে মরদেহগুলো পরিবারের কাছেহস্তান্তর করা হয়।নিহত শফিকুল ইসলাম (৪৩) সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুর পূর্বপাড়ার বাসিন্দা এবং নাহিদুল ইসলামের (২২) বাড়ি আশাশুনি উপজেলার কাঁদাকাঠি গ্রামে।
গত ১১ মে দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ জেলার জিবদিন এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় তারা প্রাণ হারান। পরিবারের স্বপ্নপূরণের আশায় মাত্র কয়েক মাস আগে তারা লেবাননে গিয়েছিলেন। কিন্তু যুদ্ধের নিষ্ঠুর বাস্তবতায় তাদের লাশ হয়ে ফিরতে হলো।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের খুলনার ভারপ্রাপ্ত সরকারি পরিচালক খালেদুর রহমান জানান, লাশ দেশে পৌঁছানোর পর বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে পরিবারগুলোকে সহায়তা প্রদান করা হয়েছে। শফিকুলের পরিবারকে ৩৫ হাজার টাকা এবং নাহিদুলের পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তার চেক দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, পরবর্তীতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ১০ লাখ টাকা এবং জীবন বীমা কর্পোরেশনের পক্ষ থেকে ৩ লাখ টাকা করে আর্থিক সহায়তা প্রদানের প্রক্রিয়া চলমান রয়েছে।নিহতদের নিজ গ্রামে পৌঁছানোর পর এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।
শোকাতুর স্বজন ও প্রতিবেশীরা ভিড় জমিয়েছেন তাদের বাড়িতে। সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তার আশ্বাস দেওয়া হলেও প্রিয়জনকে হারানোর বেদনায় সান্ত্বনা মিলছে না পরিবারগুলোর। পররাষ্ট্র ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যৌথভাবে এই মরদেহ দেশে আনার প্রক্রিয়া সম্পন্ন করেছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন