রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ধানমন্ডিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন, নিরাপত্তা জোরদার

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ২৩, ২০২৬, ১১:০৪ এএম

ধানমন্ডিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন, নিরাপত্তা জোরদার

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য সব ধরনের নাশকতা প্রতিরোধে এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কঠোর অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মঙ্গলবার সকাল থেকেই রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরসহ এর আশপাশের গুরুত্বপূর্ণ এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।পুরো এলাকায় জনসাধারণের চলাচলের ওপর কঠোর কড়াকড়ি আরোপ করা হয়েছে।

মাঠের নিরাপত্তা পরিস্থিতি অনুযায়ী, ধানমন্ডি ৩২ নম্বর এলাকার প্রতিটি প্রবেশপথে পুলিশের পক্ষ থেকে শক্ত ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে এবং তার ঠিক পাশেই অবস্থান করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সশস্ত্র সদস্যরা। 

মঙ্গলবার সকাল থেকে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশসহ অন্যান্য বিশেষ নিরাপত্তা সংস্থার সদস্যদের সক্রিয়ভাবে দায়িত্ব পালন করতে দেখা গেছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি বা আকস্মিক বিশৃঙ্খলা এড়াতে পুরো ধানমন্ডি এলাকা জুড়েই বিশেষ সতর্কাবস্থা বজায় রাখা হচ্ছে।

আওয়ামী লীগের এই প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের ঝটিকা মিছিল বা জননিরাপত্তা বিঘ্নিত করার মতো ঘটনা না ঘটতে পারে, সেজন্য সকাল থেকেই পুলিশ ও অন্যান্য বাহিনীর সদস্যরা মোড়ে মোড়ে অবস্থান নিয়ে কড়া পাহারা দিচ্ছেন। সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনগুলোতেও তল্লাশি চালানো হচ্ছে।