রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ধানমন্ডি ৩২ নম্বরে সংবাদকর্মীদের ওপর হামলা

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ২৩, ২০২৬, ১১:৫৪ এএম

ধানমন্ডি ৩২ নম্বরে সংবাদকর্মীদের ওপর হামলা

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে বিভিন্ন গণমাধ্যমের বেশ কয়েকজন সংবাদকর্মীর ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে আয়োজিত একটি প্রতিরোধ মিছিলের পর এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।হামলায় গুরুতর আহত এক মাল্টিমিডিয়া সাংবাদিককে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভুক্তভোগী সংবাদকর্মীদের বিবরণ অনুযায়ী, সকালে ওই এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডি জোনের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে দলটির স্থানীয় নেতাকর্মীদের ব্রিফিং চলার সময় সেখানে উপস্থিত কয়েকজন সংবাদকর্মীর সঙ্গে আকস্মিক কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উসকানিমূলক স্লোগান দিয়ে মিছিলকারীরা উত্তেজিত হয়ে সংবাদকর্মীদের ওপর লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা চালান। হামলায় সাংবাদিক মাহফুজুর রহমান শিশির রক্তাক্ত জখম হন এবং আব্দুর রহমান ইশান ও রাব্বী সিদ্দিকী নামের আরও দুই সংবাদকর্মী শারীরিকভাবে লাঞ্ছিত হন।

উত্তেজিত মিছিলকারীরা অন্তত ২০ থেকে ২৫ জনকে রাস্তায় ফেলে মারধর করেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। কর্তব্যরত সংবাদকর্মীদের অভিযোগ, হামলার সময় নিকটেই পুলিশ সদস্যরা উপস্থিত থাকলেও তারা মব বা উত্তেজিত জনতাকে নিবৃত্ত করতে কোনো ধরনের কার্যকর পদক্ষেপ নেননি। এই বিক্ষোভ মিছিলে জামায়াতের স্থানীয় নেতা মুস্তাফিজুর রহমান ও মুজাহিদুল ইসলাম শাহিনসহ বহু সমর্থক উপস্থিত ছিলেন। তবে হামলার বিষয়ে ধানমন্ডি থানা জামায়াতের কর্মপরিষদের সদস্য মুজিবুর রহমান খান দাবি করেছেন যে বহিরাগত কেউ তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে প্রবেশ করে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়ে থাকতে পারে।