রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

মিয়ানমার সীমান্তে বিস্ফোরণের শব্দ, সতর্ক অবস্থানে বিজিবি

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ২, ২০২৬, ১১:৫২ পিএম

মিয়ানমার সীমান্তে বিস্ফোরণের শব্দ, সতর্ক অবস্থানে বিজিবি

মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতের জেরে কক্সবাজারের টেকনাফ ও নাইক্ষ্যংছড়ি সীমান্তে নজরদারি ও বিজিবির টহল জোরদার করা হয়েছে। বুধবার রাতে ও বৃহস্পতিবার ভোরে সীমান্তের ওপার থেকে বিস্ফোরণ ও ভারী অস্ত্রের বিকট শব্দ ভেসে আসায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যদিও বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত সীমান্ত পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে বলে প্রশাসন নিশ্চিত করেছে। 

যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।সীমান্তবর্তী এলাকায় টহল ও নজরদারি বাড়িয়েছে বিজিবি।টেকনাফ পৌরসভার চৌধুরীপাড়া, নাইট্যংপাড়া ও সাবরাংসহ সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা জানান, বুধবার রাত ৯টার দিকে হঠাৎ করে বিকট শব্দ শোনা যায়। দীর্ঘদিনের শান্তির পর এমন শব্দে এলাকাবাসীর মধ্যে উদ্বেগ দেখা দেয়। 

তবে বৃহস্পতিবার সকাল থেকে পরিস্থিতি শান্ত থাকায় মানুষের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে। প্রশাসন এলাকাবাসীকে অযথা আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।বিজিবি কর্মকর্তারা জানান, সীমান্তে বিজিবির টহল জোরদার করা হয়েছে এবং ড্রোনের মাধ্যমে নিয়মিত নজরদারি চালানো হচ্ছে। নাফ নদীতে নৌ টহলও বাড়ানো হয়েছে। টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হানিফুর রহমান ভূঁইয়া বলেন, ওপারে বিস্ফোরণের শব্দ পাওয়া গেলেও সীমান্ত পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে। 

বাংলাদেশের ভূখণ্ড নিরাপদ রাখতে তারা কঠোর অবস্থানে রয়েছেন।অন্যদিকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তেও একই ধরনের সতর্কতা অবলম্বন করা হয়েছে। ১১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির জানান, মিয়ানমারের অভ্যন্তরীণ এই সংঘাতের বিষয়ে বাংলাদেশ শান্তিতে বিশ্বাসী। তবে দেশের নিরাপত্তা ও অখণ্ডতা রক্ষার ক্ষেত্রে বিজিবি আপসহীন। বর্তমানে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং নিয়মিত টহল অব্যাহত রয়েছে।