রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

মুকসুদপুরে খেলনা পিস্তল ও হ্যান্ডকাফসহ ভুয়া পুলিশ আটক

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ৪, ২০২৬, ১০:৪৯ পিএম

মুকসুদপুরে খেলনা পিস্তল ও হ্যান্ডকাফসহ ভুয়া পুলিশ আটক

গোপালগঞ্জের মুকসুদপুরে পুলিশের ইউনিফর্ম পরে ভয়ভীতি দেখানোর অভিযোগে রাকিব শেখ (২৫) নামে এক যুবককে আটক করেছে স্থানীয়রা। শনিবার বিকেলে উপজেলার ননীক্ষীর ইউনিয়নের বনগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। রাকিব ওই ইউনিয়নের বড় ভাটড়া গ্রামের মৃত হাই শেখের ছেলে।আটকের পর স্থানীয়রা তাকে সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির কাছে সোপর্দ করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাকিব পুলিশের ইউনিফর্ম পরে বনগ্রাম এলাকার গগণ বালার বাড়িতে প্রবেশ করে। বাড়িতে ঢুকে সে নিজেকে পুলিশ পরিচয় দিয়ে পরিবারের সদস্যদের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করতে থাকে। তার আচরণে সন্দেহ হলে স্থানীয়রা তাকে ঘিরে ফেলে এবং আটক করে। এ সময় তার দেহ তল্লাশি করে একটি খেলনা পিস্তল, হ্যান্ডকাফ ও একটি ছুরি উদ্ধার করা হয়।

ঘটনার খবর পেয়ে সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রাকিবকে হেফাজতে নেয়। পুলিশ জানিয়েছে, তার কাছ থেকে জব্দ করা সরঞ্জামগুলো আইনানুগ পরীক্ষার জন্য রাখা হয়েছে।

সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ আওরঙ্গজেব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, রাকিব শেখকে আটকের পাশাপাশি তার সঙ্গে থাকা খেলনা পিস্তল, হ্যান্ডকাফ, পুলিশের ইউনিফর্ম ও ছুরি জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।