বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

জামালপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ ৭ জনের মৃত্যুদণ্ড

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ৬, ২০২৬, ০৫:১৪ পিএম

জামালপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ ৭ জনের মৃত্যুদণ্ড

জামালপুরের বকশীগঞ্জে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক আব্দুর রহিম বহুল আলোচিত এই মামলার রায় ঘোষণা করেন। আদালতের আদেশে দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ১ লাখ টাকা করে অর্থদণ্ডও প্রদান করা হয়েছে।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—পাপ্পু, বিজু, বাদশা, জুয়েল, আশরাফুল, জসিম ও আসমত। তারা সবাই বকশীগঞ্জ উপজেলার বাসিন্দা। মামলার অপর আসামি ইদ্রিস আলীকে অপরাধ প্রমাণিত না হওয়ায় আদালত খালাস দিয়েছেন।

মামলার নথিপত্র ও রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক জানান, ২০২৫ সালের ২৫ মে গভীর রাতে ইজিবাইকে বাসায় ফেরার পথে গৃহবধূকে জোরপূর্বক তুলে নিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়। নির্যাতনের পর আসামিরা পালিয়ে যায়। ঘটনার পরদিন বকশীগঞ্জ থানায় অজ্ঞাতসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন ভুক্তভোগী।

তদন্ত শেষে চলতি বছরের ১৫ এপ্রিল অভিযোগপত্র দাখিল করা হয়। বিচারিক প্রক্রিয়ায় নয়জন সাক্ষীর মধ্যে সাতজনের সাক্ষ্য গ্রহণ ও নথিপত্র পর্যালোচনা শেষে আদালত আসামিদের দোষী সাব্যস্ত করে এই রায় দেন। ন্যায়বিচার প্রতিষ্ঠায় এই রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী।