বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬,

নিজেদের এক দিনের বেতনের টাকায় বৃক্ষরোপণ করলেন হরিপুর উপজেলা কর্মচারীরা

রবিউল এহ্সান রিপন

জুলাই ৮, ২০২৬, ০৬:১১ পিএম

নিজেদের এক দিনের বেতনের টাকায় বৃক্ষরোপণ করলেন হরিপুর উপজেলা কর্মচারীরা

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

পরিবেশ রক্ষা ও সবুজায়নের উদ্যোগকে উৎসাহিত করতে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা পরিষদের কর্মচারীরা নিজেদের এক দিনের বেতনের অর্থ দিয়ে একটি বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছেন। বুধবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মধ্য দিয়ে এই কর্মসূচির সূচনা হয়।

কর্মসূচিতে উপজেলা পরিষদের সবস্তরের কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। পরিষদের অফিস সহকারী জানান, সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় তারা এ উদ্যোগ গ্রহণ করেছেন। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ পরিবেশ গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য।

স্থানীয় সমাজসেবক মাসুদ রানা কর্মচারীদের এই স্বেচ্ছাপ্রণোদিত উদ্যোগের প্রশংসা করে বলেন, সরকারি কর্মচারীদের এমন মহৎ কাজ সমাজের অন্যদেরও বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করবে।

কর্মসূচিটির প্রশংসা করে হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা চন্দন কর বলেন, কর্মচারীদের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এটি সরকারের বৃক্ষরোপণ কর্মসূচিকে আরও ত্বরান্বিত করবে। দেশের অন্যান্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোও তাদের এই আয়োজন থেকে অনুপ্রাণিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।