রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

অনলাইন জুয়ায় সর্বস্বান্ত দেনার দায়ে যুবকের আত্মহত্যা

আবু সালেহ মোঃ রায়হান

জুলাই ১৩, ২০২৬, ০৭:৪৯ পিএম

অনলাইন জুয়ায় সর্বস্বান্ত দেনার দায়ে যুবকের আত্মহত্যা

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় অনলাইন জুয়ায় আসক্ত হয়ে দেনার দায়ে বিপুল চন্দ্র রায় নামে এক যুবক আত্মহত্যা করেছেন। সোমবার (১৩ জুলাই) পৌরসভার সবুজপাড়া এলাকায় নিজ বাড়িতে এই ঘটনা ঘটে। বিপুল একই এলাকার জগেশ চন্দ্র রায়ের ছেলে এবং দেবীগঞ্জ বাজারে মোবাইল এক্সেসরিজ ও ব্যাংকিংয়ের ব্যবসা করতেন।

পরিবারের সদস্যরা জানান, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ডাকাডাকির পরও ঘর থেকে কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে তারা দেখেন, বিপুল ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছেন। দ্রুত তাকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্বজনরা জানান, বিপুলের সঙ্গে কারো কোনো পারিবারিক বিরোধ ছিল না। তবে কয়েকদিন ধরে তিনি মানসিকভাবে বেশ ভেঙে পড়েছিলেন এবং রাতে ঠিকমতো ঘুমাতেও পারতেন না। প্রতিবেশী ও ব্যবসায়ীদের দাবি, ব্যবসার পাশাপাশি সম্প্রতি বিপুল অনলাইন জুয়ায় জড়িয়ে পড়েন। এতে ব্যবসায় লোকসানের পাশাপাশি তার প্রায় ১৮ লাখ টাকার দেনা হয়। ব্যবসার ক্ষতি, ধারদেনা এবং ছোট ভাইকে বিদেশ পাঠানোর জন্য রাখা টাকা হারিয়ে তিনি দিশেহারা হয়ে পড়েছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মূসা জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।