রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

অতিবৃষ্টিতে ধসে গেল পাকা সড়ক, জামালপুরে দুর্ভোগে হাজারো মানুষ

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ১৩, ২০২৬, ০৮:০৯ পিএম

অতিবৃষ্টিতে ধসে গেল পাকা সড়ক, জামালপুরে দুর্ভোগে হাজারো মানুষ

অতিবৃষ্টির কারণে জামালপুরের ইসলামপুর উপজেলার উত্তর সিরাজাবাদ–দেওয়ানগঞ্জ–ইসলামপুর সংযোগ সড়কের বিভিন্ন স্থানে ধস নেমেছে। এতে গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল ব্যাহত হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় হাজারো মানুষ। সোমবার দুপুরে সরেজমিনে সড়কের কয়েকটি অংশে বড় বড় গর্ত ও ধস পরিলক্ষিত হয়।সড়কের এক পাশ ধসে যাওয়ায় ঝুঁকি নিয়েই যানবাহন চলাচল করছে।

এই সড়কটি ইসলামপুর উপজেলা সদর ও দেওয়ানগঞ্জের সঙ্গে যোগাযোগের প্রধান পথ। ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রতিদিন শত শত যানবাহন ও হাজারো মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন। ব্যবসা-বাণিজ্য, কৃষিপণ্য পরিবহন, শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত এবং জরুরি স্বাস্থ্যসেবা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দীর্ঘদিন সংস্কারের অভাবে সড়কটির অবস্থা নাজুক ছিল, টানা বর্ষণে সেই দুর্বল অংশগুলো ধসে পরিস্থিতি আরও খারাপ হয়েছে।

এ বিষয়ে ইসলামপুর উপজেলা প্রকৌশলী মো. তোফায়েল আহমেদ জানান, সড়কটির স্থায়ী সংস্কারের জন্য দরপত্র আহ্বানের প্রক্রিয়া চলমান রয়েছে। মানুষের দুর্ভোগ কমাতে জরুরি ভিত্তিতে ক্ষতিগ্রস্ত অংশে ড্রামশিট প্যালাসাইডিং ও বালুর বস্তা ফেলে অস্থায়ীভাবে চলাচলের উপযোগী করার কাজ শুরু করা হয়েছে।