রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

টিসিবির গোডাউনে ভয়াবহ আগুন, ভ্যানচালকের মরদেহ উদ্ধার

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ২৩, ২০২৬, ০২:৫২ পিএম

টিসিবির গোডাউনে ভয়াবহ আগুন, ভ্যানচালকের মরদেহ উদ্ধার

ছবি: দিনাজপুর টিভি আর্কাইভ

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ বা টিসিবির একজন ডিলারের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আসার পর ওই গোডাউনের ভেতর থেকে নয়ন নামের আঠারো বছর বয়সী এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার রাতে নাচোল উপজেলার নিজামপুর ইউনিয়নের হাটবাকইল বাজারে এই দুর্ঘটনা ঘটে।ঘন ধোঁয়ায় আটকা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান ওই তরুণ।

স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাতে হঠাৎ করে ওই গোডাউনে দাউদাউ করে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গোডাউনের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডের এই ঘটনায় গোডাউনে থাকা ডাল, তেল, চিনিসহ টিসিবির বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এর মধ্যেও কিছু মালামাল নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে।

আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসার পর গোডাউনের ভেতরে তল্লাশি শুরু করেন উদ্ধারকর্মীরা। এ সময় ভেতর থেকে নয়ন নামের ওই ভ্যানচালকের মরদেহ উদ্ধার করা হয়। নিহত নয়ন হাটবাকইল এলাকার আব্বাস আলীর ছেলে। নাচোল ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ এমদাদুল হক জানান, প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

অগ্নিকাণ্ডের সময় নয়ন গোডাউনের ওপরের তলায় উঠেছিলেন এবং চারপাশ ঘন ধোঁয়ায় ঢেকে যাওয়ায় তিনি আর বের হতে পারেননি।নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকোমল চন্দ্র দেবনাথ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং সার্বিক বিষয় খতিয়ে দেখতে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।