জুলাই ২৬, ২০২৬, ১০:৩৪ এএম
ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩০ বোতল পরিত্যক্ত দেশি মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত শনিবার রাতে উপজেলার গোবিন্দপুর সীমান্ত এলাকা থেকে এসব মদ জব্দ করা হয়।উদ্ধার হওয়া মাদকের বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।
বিজিবি জানায়, দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) অধীনস্থ গোবিন্দপুর বিওপির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে এই বিশেষ অভিযান পরিচালনা করে। রাত পৌনে ১০টার দিকে সীমান্তের ৩৪৬/১৬-আর নম্বর প্রধান পিলারের কাছে কুমারপাড়া এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যায় চোরাকারবারিরা। পরে তল্লাশি চালিয়ে স্থানটি থেকে মালিকবিহীন অবস্থায় ৩০ বোতল দেশি মদ জব্দ করে টহল দল।
ঘটনার পর পালিয়ে যাওয়া মাদক ব্যবসায়ীদের শনাক্ত করতে ওই এলাকায় বিজিবির গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্তে সব ধরনের অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থান অব্যাহত রয়েছে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।দিনাজপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন জানান, দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন