রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

এস আলম গ্রুপের ১১টি কারখানা বন্ধ

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১, ২০২৬, ১০:৩৩ এএম

এস আলম গ্রুপের ১১টি কারখানা বন্ধ

ছবি : সংগৃহীত

নজিরবিহীন ব্যাংক ঋণ কেলেঙ্কারি এবং তীব্র তারল্য সংকটের মুখে দেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার এগারোটি ভারী কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে এসব কারখানায় কর্মরত হাজার হাজার শ্রমিক ও কর্মচারীকে চাকরি থেকে চূড়ান্তভাবে অব্যাহতি ও ছাঁটাই করা হয়েছে। রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই এই শিল্পগোষ্ঠীর ব্যবসা-বাণিজ্য ও সংশ্লিষ্ট ব্যাংক হিসাবগুলোতে বড় ধরনের ধস নামে।তীব্র আর্থিক সংকটে উৎপাদন প্রক্রিয়া সচল রাখা সম্পূর্ণ অসম্ভব হয়ে পড়েছে।

ব্যাংকগুলো থেকে প্রয়োজনীয় আর্থিক সহায়তা না পাওয়া এবং মূলধন সংকটের কারণে নতুন করে ঋণপত্র বা এলসি খুলে কাঁচামাল আমদানি করতে ব্যর্থ হয় কর্তৃপক্ষ। ফলস্বরূপ, উৎপাদন কার্যক্রম চিরতরে বন্ধ করে কারখানাগুলো গুটিয়ে নেওয়ার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বন্ধ হয়ে যাওয়া প্রধান প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ, এস আলম কোল্ড রোল্ড স্টিলস, ইনফিনিটি সি আর স্ট্রিপস ইন্ডাস্ট্রিজ, এস আলম স্টিল, চেমন ইস্পাত, গ্যালকো স্টিল, এস আলম ব্যাগ লিমিটেড, এস আলম সিমেন্ট এবং এস আলম ভেজিটেবল অয়েল মিলস।

স্থানীয় ও কারখানা সূত্রে জানা যায়, রাজনৈতিক পরিবর্তনের আগে কর্ণফুলীর এসব কারখানায় প্রায় চার হাজার শ্রমিক কর্মরত ছিলেন। পরিস্থিতি সামাল দিতে এর আগে দফায় দফায় শ্রমিক ছাঁটাই করা হলেও গত বৃহস্পতিবার কারখানার নোটিশ বোর্ডে চূড়ান্ত ছাঁটাই তালিকা টাঙিয়ে দেওয়া হয় এবং শুক্রবার থেকে সকল কার্যক্রম শতভাগ বন্ধ ঘোষণা করা হয়। হঠাৎ এমন অনিশ্চিত বেকারত্বের মুখে পড়ে শ্রমিকদের মধ্যে তীব্র অসন্তোষ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

কারখানার উপ-মহাব্যবস্থাপক রফিকুল ইসলাম জানান, উৎপাদন সম্পূর্ণ বন্ধ থাকায় কর্মকর্তা-কর্মচারীদের নিজ দায়িত্বে চলে যেতে বলা হয়েছে। বিগত দুই বছর ধরে ব্যাংকিং সমস্যা সত্ত্বেও কার্যক্রম সচল রাখার চেষ্টা করা হলেও বর্তমানে নগদ তারল্য ও কাঁচামাল না থাকায় এই বিশাল শিল্পযজ্ঞ টিকিয়ে রাখা আর সম্ভব হচ্ছে না।