রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

তিস্তার পানি বিপৎসীমা ছোঁয়ার শঙ্কায় ৫ জেলায় বন্যার আতঙ্ক

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ৩, ২০২৬, ১১:১২ এএম

তিস্তার পানি বিপৎসীমা ছোঁয়ার শঙ্কায় ৫ জেলায় বন্যার আতঙ্ক

ছবি : সংগৃহীত

আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তিস্তা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করার প্রবল শঙ্কা দেখা দিয়েছে। এর ফলে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলায় নতুন করে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। উজানের ঢলে নদীর পানি পঞ্চম দফার মতো আবারও বাড়তে শুরু করেছে।পরিস্থিতি সামাল দিতে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট বা গেট সার্বক্ষণিক খোলা রাখা হয়েছে।

পানি উন্নয়ন বোর্ড ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানান, সোমবার সকাল ৬টায় লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় অবস্থিত তিস্তা ব্যারাজ ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ১৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। রোববার রাত থেকেই নতুন করে এই পানি বৃদ্ধি শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের কন্ট্রোল রুমের ইনচার্জ নুরুল ইসলাম।

উজানের ঢলে আবারও পানি বাড়ার কারণে নদীপাড়ের মানুষের মাঝে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।তবে লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার রায় সার্বিক পরিস্থিতি সম্পর্কে আশ্বস্ত করেছেন। তাঁর দেওয়া তথ্যমতে, তিস্তা নদীতে পানি বাড়লেও ধরলা এবং দুধকুমারসহ জেলার অন্যান্য ছোট-বড় প্রায় সব নদ-নদীর পানি এখনো বিপৎসীমার নিচ দিয়েই প্রবাহিত হচ্ছে।