রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

কক্সবাজারে অনির্দিষ্টকালের জন্য প্যারাসেইলিং বন্ধ

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ৩, ২০২৬, ১২:৪০ পিএম

কক্সবাজারে অনির্দিষ্টকালের জন্য প্যারাসেইলিং বন্ধ

ছবি : সংগৃহীত

কক্সবাজার সমুদ্রসৈকতে প্যারাসেইলিং দুর্ঘটনায় এক পর্যটকের মৃত্যুর পর জেলার সব পয়েন্টে এই বিনোদনমূলক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। দুর্ঘটনার যথাযথ তদন্ত শেষ না হওয়া এবং প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।নিষেধাজ্ঞা অমান্য করায় রোববার সৈকতের দরিয়ানগর পয়েন্টে কঠোর অভিযান পরিচালনা করে প্রশাসন।

অভিযানের সময় এক্সকাভেটর দিয়ে ‘ফ্রাই এয়ার সি স্পোর্টস’-এর অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয় এবং প্যারাসেইলিংয়ে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুর রহমান সায়েম জানান, অভিযানে বেশ কয়েকটি স্পিডবোটের ইঞ্জিন, বিভিন্ন যন্ত্রাংশ ও জ্বালানির ড্রাম জব্দ করা হয়েছে। জব্দ করা এসব আলামত প্রশাসনের তত্ত্বাবধানে রাখা হয়েছে।এদিকে খুলনার পর্যটক শৌভিক রায়ের মৃত্যুর ঘটনায় কক্সবাজার সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

নিহতের এক স্বজন বাদী হয়ে মামলাটি করেন। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী জানান, নিষেধাজ্ঞা অমান্য করে প্যারাসেইলিং পরিচালনার অভিযোগে প্রতিষ্ঠানটির এক পরিচালককে প্রধান আসামি করা হয়েছে। অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে দায়ের করা এই মামলার তদন্তভার দেওয়া হয়েছে ট্যুরিস্ট পুলিশের ওপর। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

বৈরী আবহাওয়ার কারণে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও গত শনিবার সৈকতে প্যারাসেইলিং চালানো হচ্ছিল।সে সময় সাগরে পড়ে ওই পর্যটকের মৃত্যু হয়। এই ঘটনার পর দেশের অন্যতম জনপ্রিয় এই বিনোদন কার্যক্রমের নিরাপত্তা নিয়ে ব্যাপক সমালোচনা তৈরি হয়। বিশেষজ্ঞদের মতে, পর্যটকের ওজন এবং বাতাসের গতিবেগ কঠোরভাবে মূল্যায়ন না করা হলে এ ধরনের দুর্ঘটনা এড়ানো অসম্ভব।