সেপ্টেম্বর ১৫, ২০২৬, ০৯:১৪ পিএম
কক্সবাজারের উপকূলীয় দ্বীপ মহেশখালীর বিস্তীর্ণ মাঠজুড়ে চলছে সাগরের নোনা জল শুকিয়ে লবণ উৎপাদনের কর্মযজ্ঞ। দেশের অভ্যন্তরীণ চাহিদার সিংহভাগ লবণ জোগান দিতে এই অঞ্চলের কৃষকরা সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে মাঠ প্রস্তুত করে সামুদ্রিক পানি থেকে লবণ আহরণ করছেন। শুষ্ক মৌসুমে শক্ত হয়ে যাওয়া জমিকে নরম করতে সাগরের নোনা পানি দিয়ে ভিজিয়ে সনাতন সেউতি ও দোন পদ্ধতিতে সেচ দেওয়া হয়।
উপকূলীয় এই জনপদে এখন লবণের ভরা মৌসুম চলছে। লবণের ক্ষেত্র বা সল্ট বেড তৈরিতে কোদাল ও মই দিয়ে জমি সমান করার পর কাঠের গুঁড়ি কিংবা কংক্রিটের ভারী রোলার চালানো হয়। মাটি যেন পাথরের মতো শক্ত এবং আয়নার মতো মসৃণ হয়, সেজন্য সামান্য নোনা পানি রেখে বারবার রোলার চালানো এই প্রক্রিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ। ২০০০ সালের পর থেকে মহেশখালীর মাঠে কালো পলিথিনের ব্যবহার শুরু হওয়ায় লবণ উৎপাদনে বড় ধরনের বিপ্লব এসেছে। সনাতন পদ্ধতিতে মাটির ওপর চাষ করলে কাদা ও বালু মিশে লবণ ধূসর হলেও কালো পলিথিনের ব্যবহারে এখন সম্পূর্ণ ময়লামুক্ত, ধবধবে সাদা এবং কাচের মতো স্বচ্ছ লবণ উৎপাদন সম্ভব হচ্ছে।
সমুদ্রের জোয়ারের পানি খালের মাধ্যমে প্রথমে নির্দিষ্ট জলাশয়ে ধরে রাখা হয়, যাতে বালু ও কাদা নিচে থিতিয়ে পানি পরিষ্কার হয়ে ওঠে। ভাটার সময় স্লুইস গেটের সাহায্যে নিয়ন্ত্রিত এই পানি স্থানীয় ভাষায় `পাইন` বা ড্রেন নামের সরু খালের মাধ্যমে প্রতিটি ছোট বেডে পাঠানো হয়। চাষিরা এই বিজ্ঞানসম্মত প্রক্রিয়াকে পর্যায়ক্রমিক পানি বদল বা পানি ধাপ পদ্ধতি বলেন। প্রথম জমির পানি রোদে কিছুটা ঘন হলে তা পরবর্তী জমিতে পাঠানো হয়, যাকে স্থানীয়ভাবে `পাকানি` বলা হয়। পানি অতিরিক্ত ঘন হলে তার উপরিভাগে লবণের সূক্ষ্ম কণা ভেসে ওঠে, যা মাঠে `লবণের ফুল` নামে পরিচিত। সাধারণত তিন থেকে পাঁচ দিন পানি ধরে রাখলে পলিথিনের ওপর এক থেকে দেড় ইঞ্চি পুরু লবণের শক্ত স্তর জমে ওঠে।
লবণের গুণগত মান বজায় রাখতে দুপুরের পর থেকে বিকেল পর্যন্ত কিছুটা রসালো অবস্থায় মাঠ থেকে লবণ সংগ্রহ করা হয়। সংগৃহীত লবণ ক্ষেতের মাঝে লম্বা সারিবদ্ধভাবে স্তূপ করে রাখাকে স্থানীয় ভাষায় `লবণের আইল` বলা হয়, যার ফলে ভেতরের অপ্রয়োজনীয় তিতা পানি সহজেই নিচে গড়িয়ে পড়ে। কর্দমাক্ত ও পিচ্ছিল আইল দিয়ে লবণ বহনের জন্য বাঁশের তৈরি অত্যন্ত মজবুত বিশেষ ঝুড়ি বা `দাইন` ব্যবহার করা হয়, যা একেকবারে ৫০ থেকে ৬০ কেজি পর্যন্ত ভেজা লবণের ভার বহন করতে পারে। শ্রমিকরা এসব লবণ `লবণতলা` নামের নির্দিষ্ট স্থানে এনে পিরামিড বা গম্বুজ আকারে স্তূপ করে রাখেন, যেন হঠাৎ বৃষ্টি হলেও পানি ভেতরে না ঢুকে ওপর দিয়ে গড়িয়ে নেমে যায়।
লবণের মাঠে প্রচলিত মণের পাশাপাশি প্রাচীন কাঠি পদ্ধতিতেও বেচাকেনার হিসাব রাখা হয়।
প্রতি বছর নভেম্বর থেকে মে মাস পর্যন্ত উপকূলীয় অঞ্চলে লবণ উৎপাদনের এই মৌসুম অব্যাহত থাকে। এ সময় স্থানীয় শ্রমিকের পাশাপাশি বিপুলসংখ্যক মৌসুমি শ্রমিক মাঠে কাজ করেন এবং তাদের দৈনিক মজুরি নির্ধারিত হয় ৬০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত। দুর্গম মাঠে রাস্তাঘাট কম থাকায় অভ্যন্তরীণ নালা দিয়ে ছোট নৌকায় করে একবারে ২০ থেকে ৫০ মণ লবণ পরিবহন করা হয়। পরবর্তীতে বাঁকখালী নদী ও মাতারবাড়ি চ্যানেলে নোঙর করা বড় ট্রলার ও বার্জে লবণ বোঝাই করা হয়, যাকে স্থানীয় ভাষায় `লবণ পাল্টানো` বলা হয়। এসব নৌযান ও প্রধান সড়ক দিয়ে ট্রাকে করে কাঁচা লবণ সরাসরি পৌঁছে যায় চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, ঢাকা, খুলনা, ঝালকাঠি, নোয়াখালী ও কুমিল্লার বিভিন্ন পরিশোধনাগারে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন