রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

নীলফামারীতে নদীর তোড়ে স্লুইসগেট ধস

শহিদুল ইসলাম

আগস্ট ৩, ২০২৬, ০৬:৫৭ পিএম

নীলফামারীতে নদীর তোড়ে স্লুইসগেট ধস

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

নীলফামারীর ডোমার উপজেলায় প্রবল পানির চাপে হরিডারা নদীর ওপর নির্মিত একটি গুরুত্বপূর্ণ স্লুইসগেট পুরোপুরি ধসে পড়েছে। আকস্মিক এই ভাঙনের ফলে নদীগর্ভে বিলীন হয়ে গেছে স্থানীয় এক বাসিন্দার বসতবাড়ির বড় একটি অংশ। এই ঘটনার পর পানি নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ায় স্থানীয় প্রায় ৩০০ পরিবারের দৈনন্দিন জীবন ও যাতায়াত মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।সবচেয়ে বেশি দুশ্চিন্তায় পড়েছেন এলাকার কৃষকরা।

রবিবার দুপুরে উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের পূর্ব হলহলিয়া গ্রামে এই ধসের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে, সকাল থেকেই স্লুইসগেটটি ধীরে ধীরে নিচের দিকে ডেবে যেতে শুরু করে। একপর্যায়ে গেট দিয়ে পানি চলাচল বন্ধ হয়ে গেলে উজান থেকে আসা পানির তীব্র চাপ তৈরি হয়। এরপর স্লুইসগেটের পাশে থাকা গর্ত দিয়ে পানি হু হু করে ঢুকতে শুরু করলে ভয়াবহ ভাঙন শুরু হয় এবং কিছুক্ষণের মধ্যেই হালিমা বেগম নামের এক স্থানীয় বাসিন্দার বাড়ির অর্ধেক অংশ নদীতে তলিয়ে যায়।

ক্ষতিগ্রস্ত হালিমা বেগম জানান, গেটে আবর্জনা আটকে থাকায় তিনি বারবার তা খুলে দেওয়ার অনুরোধ করলেও কেউ শোনেনি।এই স্লুইসগেটের সাহায্যে নদীর পানি নিয়ন্ত্রণ করে আশপাশের শত শত বিঘা জমিতে ধান ও অন্যান্য ফসল আবাদ করা হতো। পানি নিয়ন্ত্রণ ব্যবস্থা না থাকায় এখন শুষ্ক মৌসুমে সেচ সংকট এবং বর্ষায় প্লাবনের আশঙ্কায় ওই জমিগুলো অনাবাদি পড়ে থাকার ঝুঁকি তৈরি হয়েছে।

জোড়াবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হাবীব বাবু জানান, উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডকে বিষয়টি জানানো হয়েছে এবং দ্রুত নতুন স্লুইসগেট নির্মাণের চেষ্টা চলছে। ডোমার উপজেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী ফিরোজ আলম প্রাথমিকভাবে ধারণা করছেন, ইঁদুরের গর্ত দিয়ে পানি ঢুকে ভেতরে ফাঁপা তৈরি হওয়ার কারণেই এই ধসের সৃষ্টি হয়েছে।