সেপ্টেম্বর ২৫, ২০২৫, ০১:৩০ পিএম
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার গোবিন্দপুর গ্রামে এক যুবক তার ভালোবাসার বিয়ের দেড় মাসের মাথায় সংসার ভেঙে যাওয়ায় এক অস্বাভাবিক কাণ্ড ঘটিয়েছেন। পরিবারের সামনেই তিনি মাথা ন্যাড়া করে দুধ দিয়ে গোসল করেছেন। এই ঘটনাটি এখন স্থানীয়দের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
আহসান হাবিব নামে ওই যুবক জানান, অনেক লড়াই-সংগ্রামের পর তিনি পরিবারকে রাজি করিয়ে প্রেমের বিয়ে করেছিলেন। তবে বিদেশে গিয়ে অসুস্থতার কারণে তাকে অনেক আর্থিক ক্ষতির শিকার হতে হয়, যার ফলে তিনি দেশে ফিরে আসেন।
তিনি অভিযোগ করেন, তার আর্থিক অনটনের কারণে স্ত্রী তার সঙ্গে থাকতে রাজি হননি এবং তাকে ডিভোর্স দিয়ে চলে গেছেন। হাবিব বলেন, “আজকে অর্থের কাছে ভালোবাসা হেরে গেছে। যখন আমার কাছে টাকা ছিল তখন সে আমাকে ভালোবেসে বিয়ে করেছিল। আজকে টাকা নেই সে আমাকে ডিভোর্স দিয়ে চলে গেছে।”
হতাশা আর কষ্ট থেকে হাবিব এমন ব্যতিক্রমী সিদ্ধান্ত নেন। বিচ্ছেদের পর নিজের বাড়ির সামনেই তিনি বালতিতে করে দুধ এনে সবার সামনে গোসল করেন। এসময় স্থানীয় অনেক মানুষ সেখানে উপস্থিত ছিলেন। গোসল শেষে হাবিব বলেন, “ভালোবাসা ছিল, কিন্তু সংসার টেকেনি। এখন নিজেকে শুদ্ধ করে নতুন জীবন শুরু করব।”

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন