রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বিচার প্রক্রিয়াকে আরও সহজতর করতে হবে: প্রধান বিচারপতি

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২৫, ২০২৫, ০৪:৪৮ পিএম

বিচার প্রক্রিয়াকে আরও সহজতর করতে হবে: প্রধান বিচারপতি

ছবি - সংগৃহীত

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, সাধারণ মানুষের জন্য সংবিধানকে কার্যকর করতে হলে বিচার প্রক্রিয়াকে আরও সহজলভ্য, স্বচ্ছ এবং অন্তর্ভুক্তিমূলক করতে হবে। তিনি বলেন, আদালতের কার্যক্রমকে আরও দক্ষ ও স্বচ্ছ করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে এবং ডিজিটালাইজেশন এখন আর বিলাসিতা নয়, এটি একটি প্রয়োজনীয়তা।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর, ২০২৫) বরিশালের গ্র্যান্ডপার্ক হোটেলে 'জুডিশিয়াল ইন্ডিপেনডেন্সি অ্যান্ড ইফিশিয়েন্সি' শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধান বিচারপতি বলেন, আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বিলম্ব কমানো এবং মামলাকারীদের জন্য নির্বিঘ্ন সেবা নিশ্চিত করতে তারা বদ্ধপরিকর।

এই কাজে ইউএনডিপি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলেও তিনি উল্লেখ করেন।এর আগে সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সাত সদস্যের প্রতিনিধি দল নিয়ে বরিশাল জেলা ও দায়রা জজ আদালত পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি আদালতের ন্যায়কুঞ্জ ও লিগ্যাল এইড কার্যক্রমসহ বিভিন্ন শাখা ঘুরে দেখেন এবং সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।ইউএনডিপি প্রতিনিধি দলের নেতারা জানান, তারা দেশের গরিব ও অসহায় মানুষের জন্য বিচার প্রক্রিয়া সহজ করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন।

বরিশাল জেলা ও দায়রা জজ মো. ফারুক হোসেন জানান, বিভাগীয় শহরগুলোতে ধারাবাহিকভাবে এই সেমিনার অনুষ্ঠিত হচ্ছে এবং বরিশাল হলো তারই একটি অংশ।