রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

রাণীশংকৈলে মন্দিরের প্রবেশপথ দখল, ভক্তদের ভোগান্তি

মো: হামিম রানা

অক্টোবর ২, ২০২৫, ১০:১৭ এএম

রাণীশংকৈলে মন্দিরের প্রবেশপথ দখল, ভক্তদের ভোগান্তি

ছবি-দিনাজপুর টিভি

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নের ভদ্রেশ্বরী কলোনি শ্রীশ্রী দুর্গা মন্দিরের প্রধান প্রবেশপথ দখল এবং ফসলি জমির আল কেটে ব্যক্তিগত কাজে ব্যবহারের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মন্দিরে যাতায়াতের একমাত্র রাস্তাটি কিছু দুষ্কৃতিকারী জোরপূর্বক দখল করে রেখেছে। এমনকি তারা প্রবেশপথের জমিতে ঘর নির্মাণ করার পাশাপাশি ফসলি জমির আলও কেটে নিয়েছে। এর ফলে মন্দিরে ভক্তদের নিয়মিত যাতায়াত ও পূজা-অর্চনায় চরম ভোগান্তি হচ্ছে।

সরেজমিনে গেলে মন্দির পূজা কমিটির সভাপতি ফুল চান শীল ও এলাকাবাসী অভিযোগ করে বলেন, মন্দির ও রাস্তা মিলিয়ে প্রায় ৮৫ শতক জমি রয়েছে। কিন্তু কিছু প্রভাবশালী ব্যক্তি জোর করে সেই জমির অংশ দখল করে নিজেদের স্বার্থে ব্যবহার করছে।

পূজা কমিটির সভাপতি ফুল চান শীল বলেন, "আমাদের মন্দিরে প্রবেশের রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় পূজা-অর্চনায় মারাত্মক সমস্যা হচ্ছে। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, যেন দ্রুত এই সমস্যার সমাধান করা হয়।"

এ বিষয়ে ইতোমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করা হয়েছে, তবে এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানান তারা।