সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

রাণীশংকৈলে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার প্রতিবেশী আটক

রবিউল এহ্সান রিপন

মে ১৪, ২০২৬, ০২:৫১ পিএম

রাণীশংকৈলে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার প্রতিবেশী আটক

ছবি-দিনাজপুর টিভি

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নিখোঁজের একদিন পর ভুট্টা ক্ষেত থেকে ৪ বছরের শিশু লামিয়া আক্তারের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজেলার ধর্মগড় ইউনিয়নের ভড়নিয়া গ্রামের একটি ভুট্টা ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।নিহত লামিয়া ওই গ্রামের শরিফের মেয়ে। এই ঘটনায় জড়িত সন্দেহে প্রতিবেশী মুরশালিন (১৪) নামে এক কিশোরকে আটক করা হয়েছে। 

সে একই গ্রামের শরীফ উদ্দিনের ছেলে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে নিজ বাড়ি থেকে নিখোঁজ হয় লামিয়া। 

পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে এলাকায় মাইকিং করেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে প্রতিবেশী সেন্টু ভুট্টা ক্ষেতে কাজ করতে গিয়ে শিশুটির নিথর দেহ পড়ে থাকতে দেখেন। তার চিৎকারে পরিবারের লোকজন ও এলাকাবাসী এসে মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।

ঘটনার বিষয়ে চেংমাড়ির জোসপাড়া এলাকার মহসিনা বেগম জানান, বুধবার দুপুরে তিনি ভুট্টা ক্ষেতে ঘাস কাটতে গিয়েছিলেন। তখন মুরশালিনকে শিশু লামিয়াকে কোলে নিয়ে যেতে দেখেছিলেন। শিশুটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী মুরশালিনকে আটক করে পুলিশে সোপর্দ করে।নিহত শিশুর চাচা তরিকুল ইসলাম জানান, তারা বুধবার থেকেই সব জায়গায় মাইকিং করে শিশুকে খুঁজছিলেন। সকালে প্রতিবেশীর মাধ্যমে খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়। তারা এই হত্যার সুষ্ঠু বিচার দাবি করেছেন।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী জানান, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। অভিযুক্ত মুরশালিন প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিশুটিকে ধর্ষণের পর হত্যার কথা স্বীকার করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন ও সহকারী পুলিশ সুপার স্নেহাশিষ কুমার দাস ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।