অক্টোবর ৫, ২০২৫, ০৭:৫১ পিএম
বরিশালে সদ্য সমাপ্ত শারদীয় দুর্গাপূজায় সনাতন ধর্মাবলম্বীদের পাশে থেকে সার্বিক সহযোগিতা করে সর্বমহলে প্রশংসিত হচ্ছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। বরিশাল-৫ সদর আসন এলাকায় তার এই ব্যতিক্রমী ও আন্তরিক উদ্যোগ শুধু হিন্দু সম্প্রদায়ের মধ্যেই নয়, বরং রাজনৈতিক ও সচেতন মহলেও ইতিবাচক সাড়া ফেলেছে।
জানা গেছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী, পূজা শুরুর দিন থেকেই রহমাতুল্লাহ বরিশাল মহানগর ও সদর উপজেলার প্রায় প্রতিটি পূজামণ্ডপ ব্যক্তিগতভাবে পরিদর্শন করেন। পূজার আগেই তিনি মণ্ডপ কমিটির প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করে সার্বিক সহায়তার আশ্বাস দিয়েছিলেন এবং উৎসবের দিনগুলোতে বিকেল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত প্রতিটি মণ্ডপে দলের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও আর্থিক অনুদান পৌঁছে দেন।
তার এই কর্মকাণ্ডকে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় পূজা উদযাপন পরিষদের নেতারা। বরিশাল সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দেবনাথ বলেন, "আমরা রহমাতুল্লাহ ভাইয়ের কার্যক্রমে শতভাগ সন্তুষ্ট। তিনি উপজেলার সব মণ্ডপ পরিদর্শন করে আমাদের পাশে ছিলেন, যা অন্যদের থেকে আলাদা ও ব্যতিক্রমী।"
একই সুরে বরিশাল মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গোপাল সাহা বলেন, "রহমাতুল্লাহ ভাইয়ের তুলনা হয় না। তিনি নিজে প্রত্যেক মন্দিরে ফুল নিয়ে শুভেচ্ছা জানিয়েছেন, যা সত্যিই তুলনাহীন।"
এ বিষয়ে বিএনপি নেতা আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় এবং উৎসবের শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সনাতন ধর্মাবলম্বীদের পাশে ছিলেন। তিনি বলেন, “যারা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে চায়, তারা দেশ ও জনগণের শত্রু। বিএনপি সব সময় সকল ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতে কাজ করে।”



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন