অক্টোবর ১০, ২০২৫, ১১:১১ পিএম
ব্রাহ্মণবাড়িয়ার কাইজলা বিলে আকাশের মেঘ থেকে নেমে আসা টর্নেডোর মতো একটি কুণ্ডলীর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে, যা নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল ও কিছুটা আতঙ্কের সৃষ্টি হয়েছে। তবে এই ঘটনায় কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে সদর ও বিজয়নগর উপজেলার মাঝামাঝি অবস্থিত বিশাল এই বিলের ওপর দৃশ্যটি দেখা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মেঘ থেকে একটি সরু কুণ্ডলী তৈরি হয়ে বিলের পানির (স্তর) স্পর্শ করে এবং পানি ঘূর্ণি আকারে ওপরের দিকে টেনে নিচ্ছে। কয়েক মিনিট স্থায়ী হওয়ার পর কুণ্ডলীটি মিলিয়ে যায়।এই বিষয়ে বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাধনা ত্রিপুরা জানান,
তিনি ভিডিওটি দেখেছেন এবং খোঁজ নিয়ে জেনেছেন, ঘটনাটি সম্ভবত সদর উপজেলার অংশে ঘটেছে। তার উপজেলায় কোনো ক্ষয়ক্ষতির খবর নেই।অন্যদিকে, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ইউএনও সিফাত মো. ইশতিয়াক ভূঁইয়া প্রথমে ঘটনার স্থান নিয়ে অনিশ্চয়তার কথা জানালেও পরে নিশ্চিত করেন, মাছিহাতা এলাকার লোকজন তিতাস নদীর পাড় থেকে এই দৃশ্যটি দেখেছেন বলে তাকে জানিয়েছেন। তবে সদরের কোনো এলাকা থেকেও কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, আবহাওয়াবিদরা এ ধরনের ঘটনাকে ‘জলস্তম্ভ’ বা ওয়াটারস্পাউট বলে থাকেন, যা টর্নেডোর মতোই, তবে এটি সাধারণত পানির ওপরে তৈরি হয় এবং তুলনামূলকভাবে দুর্বল প্রকৃতির হয়ে থাকে। এর আগেও গত মে মাসে জেলার নাসিরনগর উপজেলার একটি বিলে একই ধরনের জলস্তম্ভ দেখা গিয়েছিল।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন