অক্টোবর ১২, ২০২৫, ১১:১৪ পিএম
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী বক্তা ও চিন্তাবিদ ড. জাকির নায়েক প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসছেন। আগামী নভেম্বর মাসে তিনি ঢাকায় একটি ‘মেগা লেকচার ইভেন্ট’-এ অংশ নেবেন বলে জানিয়েছে আয়োজক সংস্থা ‘স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট’।রোববার (১২ অক্টোবর) রাতে সংস্থাটির স্বত্বাধিকারী আলী রাজ গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।আলী রাজ বলেন, “প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, আগামী ২৮ অথবা ২৯ নভেম্বর ঢাকায় ড. জাকির নায়েকের প্রথম প্রোগ্রামটি অনুষ্ঠিত হবে।
তবে শুধু ঢাকাতেই নয়, ঢাকার বাইরেও তার প্রোগ্রাম আয়োজনের পরিকল্পনা রয়েছে আমাদের।”তিনি আরও জানান, এই সফরের বিস্তারিত সময়সূচি এবং স্থান ঘোষণার জন্য আগামী সোমবার (২০ অক্টোবর) একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে। আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, ড. জাকির নায়েকের এই সফর কোনো বাণিজ্যিক উদ্দেশ্যে নয়, বরং এটি সম্পূর্ণ একটি দাতব্য (চ্যারিটি) হিসেবে পরিচালিত হবে।
উল্লেখ্য, ড. জাকির নায়েক একজন তুলনামূলক ধর্মতত্ত্বের বিশেষজ্ঞ হিসেবে বিশ্বজুড়ে পরিচিত। বিভিন্ন ধর্ম ও বিজ্ঞানের তুলনামূলক বিশ্লেষণের মাধ্যমে ইসলামের (বার্তা) তুলে ধরার জন্য তিনি অত্যন্ত জনপ্রিয়। ২০১৬ সালে ঢাকার হোলি আর্টিজান বেকারিতে হামলার পর তার প্রতিষ্ঠিত ‘পিস টিভি’ বাংলাদেশে নিষিদ্ধ করা হয়েছিল। দীর্ঘ সময় পর তার এই সফরকে ঘিরে অনুসারীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা তৈরি হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন