অক্টোবর ১৩, ২০২৫, ০২:৫৩ পিএম
দিনাজপুরের বীরগঞ্জে ছাত্রশিবিরের দুই কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগে দায়ের করা একটি মামলায় আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যানসহ ছয়জন নেতাকে কারাগারে পাঠানো হয়েছে। রোববার (১২ অক্টোবর) দুপুরে দিনাজপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইব্রাহিম আলীর আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে, শুনানি শেষে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
কারাগারে পাঠানো নেতারা হলেন—বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নুর ইসলাম নূর, মরিচা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম এ খালেক, আওয়ামী লীগ নেতা রেজাউল করিম শেখ, শতগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা, মো. আমিনুল ইসলাম এবং মরিচা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শফিউল আজম।
আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের দিন বীরগঞ্জের ভেলাপুকুর এলাকায় হামলার শিকার হন শিবির কর্মী সালাউদ্দিন (১৬) ও আসাদুল হক (১৫)। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দুজনই মারা যান।
তৎকালীন সময়ে পুলিশ মামলাটি গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছিল বলে অভিযোগ পরিবারের। পরবর্তীতে, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের পর গত ২৯ সেপ্টেম্বর নিহতদের মা জহুরা বেগম বাদী হয়ে সাবেক সংসদ সদস্য মনোরঞ্জনশীল গোপালসহ ২৭ জনের নাম উল্লেখ করে বীরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।কোর্ট পুলিশ পরিদর্শক মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেলে আসামিদের দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন