অক্টোবর ২১, ২০২৫, ০৭:৪৬ পিএম
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, “তারেক রহমানের নেতৃত্ব আজ অপ্রতিরোধ্য। কোনো শক্তি তাকে ঠেকিয়ে রাখতে পারবে না। জনগণ নির্বাচনের জন্য মুখিয়ে আছে। তারেক রহমান ও নির্বাচনবিরোধী যেকোনো চক্রান্ত জনগণকে সঙ্গে নিয়ে নস্যাৎ করা হবে।”
মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে ময়মনসিংহের হালুয়াঘাটের বিলডোরা ইউনিয়নের জমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে ওয়ার্ড বিএনপির এক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।এমরান সালেহ প্রিন্স বলেন, “রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানে আধিপত্যবাদের আশীর্বাদপুষ্ট ফ্যাসিবাদের অবসান ঘটেছে নতুন করে দেশবিরোধী শক্তির ষড়যন্ত্রের বিস্তার ঘটানোর জন্য নয়। দেশি-বিদেশি চক্র শুধু তারেক রহমানের নেতৃত্ব ঠেকাতেই নয়, নির্বাচনকে অনিশ্চিত করতে অন্তর্ঘাতমূলক অপতৎপরতা চালাচ্ছে।”
তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “জনগণের কাছে প্রতিনিয়ত যেতে হবে। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সালাম দিয়ে ধানের শীষ প্রতীকে ভোট চাওয়ার পাশাপাশি আগামী দিনে সরকার গঠন করে জনকল্যাণে বিএনপির ৩১ দফা কর্মপরিকল্পনা তুলে ধরতে হবে।”
এ সময় তিনি কয়েকটি ধর্মভিত্তিক রাজনৈতিক দলের সমালোচনা করে বলেন, “ইসলামের নামে কয়েকটি দল ধর্মপ্রাণ মুসলমানদের সঙ্গে প্রতারণা করছে। তারা দলীয় মনোগ্রামে আল্লাহর নাম সংযুক্ত করলেও এখন আবার আধিপত্যবাদের করুণা পেতে মনোগ্রাম থেকে আল্লাহর নাম সরিয়ে দিতেও দ্বিধা করছে না।”
বিলডোরা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শহীদুল্লাহ্ খান সুজনের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীরসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন