অক্টোবর ২৬, ২০২৫, ১০:২৮ এএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থী বাছাই প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এরই অংশ হিসেবে বরিশাল বিভাগের ছয়টি সংসদীয় আসনের মনোনয়নপ্রত্যাশীদের ঢাকায় তলব করা হয়েছে। আগামী ২৭ অক্টোবর, সোমবার, রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এসব সম্ভাব্য প্রার্থীর সাক্ষাৎকার গ্রহণ করা হবে।
দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটি ও পার্লামেন্টারি বোর্ডের সদস্যরা এই সাক্ষাৎকার নেবেন বলে জানা গেছে। ইতোমধ্যে সংশ্লিষ্ট মনোনয়নপ্রত্যাশীদের তাদের ভোটার আইডি কার্ডের কপি ও এক কপি ছবি কেন্দ্রীয় দপ্তরে পাঠিয়ে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। দলের কেন্দ্রীয় পর্যায়ের একটি দায়িত্বশীল সূত্র এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্রটি আরও দাবি করেছে, বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং দলের নিজস্ব রিপোর্টের ভিত্তিতে বরিশালের ছয়টি আসনের মধ্যে পাঁচটিতেই প্রার্থীদের নাম প্রাথমিকভাবে তালিকাভুক্ত করা হয়েছে। এই তালিকা অনুযায়ী, কেবল বরিশাল-১ (আগৈলঝাড়া-গৌরনদী) আসনের প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি। সূত্রটি জানায়, বরিশাল বিভাগের মোট ২১টি আসনের মধ্যে ১৮টিতেই প্রার্থীর মনোনয়ন প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
কোনো কোনো আসনে একাধিক সম্ভাব্য প্রার্থীর নাম থাকলেও শেষ পর্যন্ত একজনকে চূড়ান্ত করা হবে। বরিশালের আসনগুলোর মধ্যে পাঁচটিতে করা খসড়া তালিকায় বড় ধরনের কোনো পরিবর্তন আসার সম্ভাবনা কম।বরিশাল-১ আসনে মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে রয়েছেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান, চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দীন স্বপন, বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান এবং সুপ্রিম কোর্ট আইনজীবী ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম স্বজল।
এদের মধ্যে জহির উদ্দীন স্বপন ও আকন কুদ্দুসুর রহমান মনোনয়নের দৌড়ে এগিয়ে আছেন বলে জানা গেছে। অন্যদিকে, বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে ২০১৮ সালের নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়া বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এস সরফুদ্দীন আহম্মেদ সান্টুই এবারও মনোনয়ন পেতে যাচ্ছেন বলে জোর গুঞ্জন রয়েছে। প্রাথমিক খসড়া তালিকায় তার নাম আছে বলে সূত্রটি নিশ্চিত করেছে।
এই আসনে মনোনয়নপ্রত্যাশী অন্যদের মধ্যে কাজী রওনাকুল ইসলাম টিপু, কর্নেল (অব.) আনোয়ার হোসেন, দুলাল হোসেন, সাইদ মাহমুদ জুয়েল এবং লায়ন আক্তার সেন্টুও রয়েছেন। উল্লিখিত সব মনোনয়নপ্রত্যাশীকেই সোমবারের সাক্ষাৎকারে উপস্থিত থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন