অক্টোবর ২৮, ২০২৫, ০৪:২৩ পিএম
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে করা এক মন্তব্যের জেরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিরুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। তাকে থানা থেকে সরিয়ে জিএমপি পুলিশ লাইনসে (লাইন ওআর) সংযুক্ত করা হয়েছে।মঙ্গলবার (২৮ অক্টোবর) জিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রশাসনিক কারণে তাকে পুলিশ লাইনসে সংযুক্ত করা হলো।
তবে স্থানীয় সূত্র ও জামায়াতে ইসলামীর নেতাদের অভিযোগ, ওসি আমিরুল ইসলাম সম্প্রতি তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে জামায়াতে ইসলামীর রাজনীতি করার অধিকার নিয়ে প্রশ্ন তুলে একটি মন্তব্য করেন। তিনি লেখেন, ‘আগে গণভোট দরকার, স্বাধীনতাবিরোধীদের এ দেশে রাজনীতি করার অধিকার আছে কিনা?’ তার এই মন্তব্যের পরই বিষয়টি নিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়।
এই ঘটনার জেরে গত ২০ অক্টোবর জামায়াতে ইসলামীর গাজীপুর মহানগর মজলিসের শূরার সদস্য অধ্যাপক ডা. আমজাদ হোসেন এবং পূবাইল থানা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট মোহাম্মদ শামীম হোসেন মৃধা ওসি আমিরুল ইসলামের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে জিএমপি কমিশনারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে তারা উল্লেখ করেন, ওসি শেখ আমিরুল ইসলাম পূবাইল থানায় যোগদানের পর থেকেই একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের কর্মসূচিতে অংশ নিচ্ছেন এবং জামায়াতে ইসলামী ও দলের নেতাকর্মীদের বিরুদ্ধে প্রকাশ্যে বক্তব্য দিয়ে আসছেন। তারা আরও অভিযোগ করেন, ওসি ওই রাজনৈতিক দলের নেতাদের পুলিশ প্রটোকলও দিয়ে থাকেন। জামায়াত নেতারা দাবি করেন, জামায়াত আমিরকে উদ্দেশ্য করে ওসির সাম্প্রতিক ‘ধৃষ্টতাপূর্ণ ও রাজনৈতিক বক্তব্য’ স্থানীয়দের ক্ষুব্ধ করেছে।
একজন সরকারি কর্মকর্তা হয়েও তার এমন পক্ষপাতমূলক আচরণ প্রশাসনিক নিরপেক্ষতা নষ্ট করছে উল্লেখ করে তারা শুধু বদলি নয়, তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।তবে অভিযোগের বিষয়ে ওসি শেখ আমিরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু লিখিনি। এটি একটা প্রপাগান্ডা। এসব বিষয়ে তদন্ত চলছে। আমাকে থানা থেকে জিএমপি পুলিশ লাইনসে বদলি করা হয়েছে।’
জিএমপি কমিশনারের দপ্তর থেকে জানানো হয়েছে, অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্তের জন্য একজন এডিসিকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন