নভেম্বর ১, ২০২৫, ০৯:৪৪ এএম
জয়পুরহাট জেলা শহরের বিস্তীর্ণ এলাকায় আজ শনিবার (০১ নভেম্বর) প্রায় ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি কোম্পানির (নেসকো) জয়পুরহাট বিক্রয় ও বিতরণ বিভাগ জানিয়েছে, ১১ কেভি বিদ্যুৎ লাইনের নিকটবর্তী ঝুঁকিপূর্ণ গাছের ডালপালা ছাঁটাই এবং জরুরি মেরামত কাজের জন্য এই সাময়িক বিভ্রাট ঘটবে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) নেসকোর জয়পুরহাট বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুমন সুত্রধর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিতরণ লাইন ও ট্রান্সফরমারের জরুরি মেরামত কাজ এবং গাছের ডালপালা কাটার জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা প্রয়োজন।
আজ শনিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জয়পুরহাট শহরের গুলশান মোড়, বিএডিসি মোড়, সাহেবপাড়া, স্টেডিয়াম রোড, রূপনগর, তাজুর মোড়, নিশির মোড়, বারিধারা, মাস্টারপাড়া, সুগারমিল রোড, থানা রোড, স্টেশন রোড, শান্তিনগর, পাঁচুরমোড়, কাশিয়াবাড়ি, বিশ্বাসপাড়া, কবিরাজপাড়া, হিলি রোড, পাঁচুর মোড় হতে সিও কলোনি সদর রোডের দক্ষিণ অংশ, উপজেলা চত্বর এবং চামড়াগুদাম রোডসহ আশেপাশের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
নেসকো কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই কাজ সম্পন্ন হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে। নাগরিকদের এই সাময়িক অসুবিধার জন্য নেসকো কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন