নভেম্বর ৩, ২০২৫, ১০:১৩ পিএম
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত পিরোজপুর-১ আসনের প্রার্থী মাসুদ সাঈদী বলেছেন, তিনি নির্বাচিত হলে বাংলাদেশকে 'উন্নয়নের স্বর্গরাজ্যে' পরিণত করবেন। তিনি বলেন, দেশের প্রতিটি মানুষ আজ পরিবর্তন চায়; তারা একটি জবাবদিহিতামূলক সরকার এবং ন্যায় ও ইনসাফ-ভিত্তিক সমাজ ব্যবস্থা চায়।
সোমবার (৩ নভেম্বর) বিকেলে পিরোজপুরের নাজিরপুর উপজেলার চন্ডিপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক ভোটকেন্দ্র ভিত্তিক প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মাসুদ সাঈদী দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, 'বাংলাদেশ এখন একটি ক্রান্তিকালে আছে। শত্রুরা বার বার মাথাচাড়া দিয়ে উঠতে চাচ্ছে।
জুলাই মাসের পরিবর্তনের পর সকল দল দেশের স্বার্থে ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত গ্রহণ করলে দেশ এগোতে পারত।' তিনি রাজনৈতিক দলগুলোর মধ্যকার বিভেদের সমালোচনা করে বলেন, 'আমরা লক্ষ্য করছি, কিছু বন্ধু যারা একত্রে ছিল তারা আবার বিভিন্ন বিষয়ে দ্বিমত পোষণ করছে। যদি আমরা নিজেরা ঝগড়া-ফ্যাসাদে লিপ্ত হই, তাহলে ফ্যাসিস্ট দল আবার মাথা চাড়া দিয়ে উঠবে।'
তিনি তার প্রয়াত পিতা আল্লামা সাঈদীর অসমাপ্ত উন্নয়ন কাজ সম্পন্ন করার প্রতিশ্রুতি দেন। মাসুদ সাঈদী বলেন, 'আমি আপনাদের কাছে ওয়াদা করছি, আমিও আল্লামা সাঈদীর মত আমানতদারীর সাথে পিরোজপুরকে সাজাব।' তিনি ভোটারদের কাছে 'দাঁড়িপাল্লা' মার্কায় ভোট প্রার্থনা করেন এবং স্থানীয় উন্নয়নের বিষয়ে তার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. জহিরুল হক, সহকারী সেক্রেটারি শেখ মোঃ আব্দুর রাজ্জাক, পিরোজপুর সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা সিদ্দিকুর রহমান, নাজিরপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রাজ্জাক শেখ, ইন্দুরকানী উপজেলা আমীর মাওলানা আলী হোসেনসহ স্থানীয় জামায়াত ও শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন