নভেম্বর ১৩, ২০২৫, ০৭:২৪ পিএম
দিনাজপুরের ফুলবাড়ীতে প্রান্তিক নারীদের কর্মমুখী দর্জি প্রশিক্ষণ কার্যক্রমের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বেসরকারি সংস্থা বেসিক-এর উদ্যোগে ফুলবাড়ী উপজেলা পরিষদ সভাকক্ষে এই ওরিয়েন্টেশন সভা আয়োজিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসাহাক আলীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সারোয়ার হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ, উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদা আক্তার, আনসার ভিডিপি কর্মকর্তা রিতা রায়।
বেসরকারি সংস্থা বেসিক-এর নির্বাহী পরিচালক শ্যামল চন্দ্র সরকারসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং ২৫টি এনজিওর ম্যানেজারবৃন্দ।
এ সময় বেসিক-এর নির্বাহী পরিচালক শ্যামল চন্দ্র সরকার বলেন, বেসিক এনজিও-এর সহায়তায় প্রান্তিক নারীদের কর্মমুখী দর্জি, বস্তায় আদা ও হলুদ চাষের প্রশিক্ষণ প্রদান করা হবে এবং তাদের মাঝে বিনামূল্যে চারা বিতরণ করা হবে। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় ১০ জন প্রান্তিক, দরিদ্র ও অসহায় নারী তিন মাসের দর্জি প্রশিক্ষণ পাবেন। প্রশিক্ষণ শেষে তাদের প্রত্যেককে একটি করে সেলাই মেশিন বিনামূল্যে বিতরণ করা হবে।
এছাড়াও আলাদীপুর ইউনিয়নের হঠাৎপাড়া গ্রামের ৫ জন, বেতদিঘী ইউনিয়নের ৫ জন আদিবাসী নারী এবং মুশাহার চৌরাই গ্রামের ৩৫ জন আদিবাসী নারী বস্তায় আদা ও হলুদ চাষের উপর এক দিনের প্রশিক্ষণ পাবেন। প্রশিক্ষণ শেষে একই দিনে বিভিন্ন দেশীয় গাছের চারা তাদের মাঝে বিতরণ করা হবে বলে তিনি জানান।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন