শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

ফারিয়া সভাপতির হত্যার হুমকির প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন ও বিক্ষোভ

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১৯, ২০২৫, ০৭:৩০ পিএম

ফারিয়া সভাপতির হত্যার হুমকির প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন ও বিক্ষোভ

ছবি-দিনাজপুর টিভি

বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশন (ফারিয়া)-এর কেন্দ্রীয় সভাপতি হাবিবুর রহমান হাবিবকে হত্যার হুমকির প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। অভিযুক্ত রেনেটা ফার্মা পিএলসির একজন আরএসএমকে আইনের আওতায় এনে বিচারের দাবি জানিয়েছেন বক্তারা।

বুধবার (১৯ নভেম্বর) সকালে দিনাজপুর জেলা ফারিয়া'র উদ্যোগে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

বক্তারা বলেন, ফারিয়া সভাপতি হাবিবুর রহমান হাবিব যখন সংগঠনের সদস্যদের ন্যায্য দাবি আদায়ের চেষ্টা চালিয়ে যাচ্ছেন, ঠিক তখনই চট্টগ্রামের রেনেটা ফার্মা পিএলসির আরএসএম শামীম ফারিয়া সদস্যদের ন্যায্য দাবি আদায় থেকে সরিয়ে ফেলতে তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছেন।

শুধু তাই নয়, তাকে মিথ্যা অপবাদ দিয়ে হত্যার হুমকি প্রদান করা হয়েছে।এসবের প্রতিবাদ জানিয়ে এবং প্রশাসনের সুষ্ঠু তদন্তপূর্বক অভিযুক্তকে আইনের আওতায় এনে বিচারের দাবি জানান বক্তারা।মানববন্ধনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ফারিয়ার সহ-সভাপতি রেজ ওয়ানুল হক বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক ও রংপুর বিভাগীয় ফারিয়ার সাধারণ সম্পাদক ফেরদৌস রহমান,

সাংগঠনিক সম্পাদক তুষার মন্ডল, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক পারভেজ কাজী, সহ-দপ্তর সম্পাদক ওমর ফারুক সুমন, ক্রীড়া সম্পাদক আহসান হাবীব সুজন, সদর ফারিয়ার সভাপতি জোবাইদুর রহমান, সাধারণ সম্পাদক রমজান আলী সহ অন্যান্য নেতৃবৃন্দ।